দেশে গণিতচর্চা ও অলিম্পিয়াড কার্যক্রম সম্প্রসারণে সরকারের পূর্ণ সমর্থন থাকবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৃহস্পতিবার সচিবালয়ে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড (আইএমও) ও ইউরোপীয় বালিকা গণিত অলিম্পিয়াডের (ইজিএমও) সফল বাংলাদেশি প্রতিযোগীদের সঙ্গে সাক্ষাতে তিনি এ প্রতিশ্রুতি দেন। পাশাপাশি শিক্ষকদের গণিত দক্ষতা যাচাইয়ের জন্য ইংরেজি ভাষার আইইএলটিএস পরীক্ষার আদলে একটি পৃথক মূল্যায়ন পদ্ধতি চালুর প্রস্তাব গুরুত্বের সঙ্গে বিবেচনার আশ্বাসও দেন তিনি।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব শাহাদাৎ স্বাধীন সাক্ষাতের বিস্তারিত তথ্য গণমাধ্যমকে জানান। সাক্ষাতে পদকজয়ী শিক্ষার্থীরা নিজেদের অংশগ্রহণ, অভিজ্ঞতা ও সাফল্যের গল্প প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন। তাদের কৃতিত্বে আনন্দ প্রকাশ করে প্রধানমন্ত্রী ভবিষ্যতে আরও ভালো করার জন্য শুভকামনা জানান। বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশন তৃণমূল পর্যায়ে গণিত অলিম্পিয়াড ছড়িয়ে দিতে সহযোগিতার অনুরোধ জানালে প্রধানমন্ত্রী প্রয়োজনীয় সব রকম সাহায্যের আশ্বাস দেন।

আলোচনাকালে স্কুলপর্যায়ে গণিত অলিম্পিয়াড পরিচালনা ও সম্প্রসারণের লক্ষ্যে একটি পৃথক তহবিল গঠনের প্রস্তাব তোলা হয়। প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে এতে অর্থায়নে সম্মতি জানান। বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির (বিডিএমও) পক্ষ থেকে স্কুলে অ্যাকটিভিটি-ভিত্তিক গণিতশিক্ষা চালুর প্রস্তাব করা হলে তাতেও সায় দেন প্রধানমন্ত্রী। সবচেয়ে উল্লেখযোগ্য প্রস্তাবটি ছিল শিক্ষকদের যোগ্যতা যাচাইয়ে আইইএলটিএস-অনুপ্রাণিত গণিত পরীক্ষা চালু করা, যা তিনি বিবেচনার আশ্বাস দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা ও গণশিক্ষা উপদেষ্টা এবং মুখপাত্র মাহদী আমিন, আইএমও’র জাতীয় কোচ মাহবুবুল আলম মজুমদার, বাংলাদেশ বালিকা গণিত ফাউন্ডেশনের চেয়ার অধ্যাপক সাদিয়া হামিদ কাজী এবং বিডিএমও’র সদস্য মো. আবদুল হাকিম খান। সাক্ষাতে অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্যে ছিলেন ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের মনামী জামান (আইএমও ও ইজিএমও ব্রোঞ্জ), চট্টগ্রাম কলেজের মো. রায়হান সিদ্দিকী (আইএমও রৌপ্য), ঢাকা ইমপিরিয়াল কলেজের জাওয়াদ হামীম চৌধুরী (আইএমও ব্রোঞ্জ), ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের মোহাম্মদ মারজুক রহমান (আইএমও ব্রোঞ্জ), আনন্দ মোহন কলেজের তাহসিন খান (আইএমও ব্রোঞ্জ), রাজউক উত্তরা মডেল স্কুল অ্যান্ড কলেজের এম. জামিউল হোসেন (আইএমও ব্রোঞ্জ) এবং সাজি সেহনাই (ইজিএমও ব্রোঞ্জ)।