নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো)-র প্রধান কার্যালয় রাজশাহী থেকে অন্যত্র সরানোর গুজব নাকচ করে দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। তিনি স্পষ্ট জানিয়ে দেন, রাজশাহীর কোনো প্রতিষ্ঠানই শহর ছেড়ে যাবে না। বুধবার সকালে রাজশাহী জেলা শিল্পকলা একাডেমিতে জুলাই শহীদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা এবং দিবসের তাৎপর্য তুলে ধরে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী এ মন্তব্য করেন।

সম্প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম নেসকোর প্রধান কার্যালয় বগুড়ায় স্থানান্তরের পক্ষে বক্তব্য দিলে রাজশাহীবাসী এর তীব্র বিরোধিতা করে। এ নিয়ে মানববন্ধন ও বিবৃতি দেওয়া হয়। ভূমিমন্ত্রী এ প্রসঙ্গে বলেন, কিছু স্বার্থান্বেষী ও ফ্যাসিস্টদের দালালরা এ নিয়ে ষড়যন্ত্র করতে পারে। তিনি আরও বলেন, ‘নো, দিস ইজ রাজশাহী।’ রাজশাহীর প্রতি তাঁর গভীর অনুরাগ ব্যক্ত করে মন্ত্রী বলেন, ‘রাজশাহীর সব প্রতিষ্ঠান রাজশাহীতেই থাকবে। নেসকো কেন, কোনো কিছু রাজশাহী থেকে যাবে না। রাজশাহী হবে ফার্স্ট।’ তিনি আরও জানান, মন্ত্রিত্ব, এমপি বা মেয়র পদ তাঁর কাছে বড় নয়; তাঁর জন্ম এই মাটিতে এবং মৃত্যুও এখানেই হবে।

অনুষ্ঠানে জুলাই গণ-অভ্যুত্থানের শহীদদের স্মরণ করে ভূমিমন্ত্রী বলেন, ২০২৪ সালের জুলাইয়ের বিজয় দিবস বাংলাদেশের মানুষের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের দীপ্ত প্রতীক। তিনি এই দিবসকে মহান মুক্তিযুদ্ধ, ভাষা আন্দোলন ও উনসত্তরের গণ-অভ্যুত্থানের সমান্তরালে রাখেন। শহীদ পরিবারের পাশে থাকা সরকারের নৈতিক দায়িত্ব বলে উল্লেখ করে তিনি বলেন, আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন শহীদ পরিবার কোনোভাবেই অসম্মানিত বা নির্যাতিত না হয়। সরকার শহীদদের সন্তানদের শিক্ষা ও পরিবারের দেখভালের দায়িত্ব নিয়েছে এবং প্রয়োজনে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।

রাজশাহী জেলা প্রশাসন আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। এতে রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদসহ পুলিশ-প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের বিদ্যুৎ বিভাগের কোম্পানি অ্যাফেয়ার্স-১ শাখা থেকে ১৬ জুলাই নেসকোর ব্যবস্থাপনা পরিচালকের কাছে পাঠানো চিঠিতে প্রধান কার্যালয় রাজশাহী থেকে বগুড়ায় স্থানান্তরের আর্থিক ও প্রশাসনিক প্রভাব বিশ্লেষণ করে মতামত চাওয়া হয়। এর আগে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও বগুড়ার সংসদ সদস্য মীর শাহে আলম নেসকো বগুড়ায় স্থানান্তরের জন্য বিদ্যুৎমন্ত্রীর কাছে চিঠি পাঠান।