গত বুধবার ইন্টার মায়ামির অনুশীলন মাঠে ফিরে এসেছেন লিওনেল মেসি। স্পেনের বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে হারের পর নিজ শহর রোজারিওতে পরিবারের সঙ্গে কয়েক দিন কাটিয়ে তিনি ফিরেছেন। আর্জেন্টিনা অধিনায়কের এই প্রত্যাবর্তনকে ক্লাবটি বিশেষভাবে তুলে ধরেছে। তাদের অফিশিয়াল ইনস্টাগ্রামে অনুশীলনে খেলোয়াড়দের প্রবেশের কয়েকটি ছবি পোস্ট করে লেখা হয়েছে, 'আজ আগমনটা যেন একটু অন্য রকম।' প্রকাশিত ছবিগুলোতে মেসিকে দেখা যায় স্বাভাবিক শান্ত ভঙ্গিতে। তাঁর হাতে রয়েছে প্রিয় পানীয়র পাত্র, সোনালি রঙের থার্মোস এবং কাঁধে বুটের ব্যাগ। পরে ক্লাবটি একটি ভিডিও প্রকাশ করে, যেখানে মেসির নেতৃত্বে সবাই সোশ্যাল মিডিয়া ম্যানেজারকে শুভেচ্ছা জানাচ্ছেন।
বিশ্বকাপ ফাইনালের হতাশার পর এই প্রথমবার জনসমক্ষে এলেন মেসি। এরই মধ্যে নতুন মৌসুমের যাত্রা শুরু করেছে ইন্টার মায়ামি। মেজর লিগ সকারে (এমএলএস) তারা শিকাগো ফায়ার ও মন্ট্রিয়লকে পরাজিত করেছে। আগামী রোববার কলম্বাস ক্রুর বিরুদ্ধে তাদের পরবর্তী ম্যাচ। তবে সেই ম্যাচে মেসির অংশ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, তিনি এনইউ স্টেডিয়ামের একটি বক্স থেকে ম্যাচটি পর্যবেক্ষণ করবেন।
মেসি কবে মাঠে ফিরবেন তা এখনো নিশ্চিত নয়। সবকিছু ঠিক থাকলে আগামী বৃহস্পতিবার লিগস কাপের ম্যাচে আতলেতিকো সান লুইসের বিপক্ষে তাঁকে দেখা যেতে পারে। এই প্রতিযোগিতার সঙ্গেই মেসির বিশেষ স্মৃতি জড়িত। উত্তর আমেরিকায় যোগ দেওয়ার পর ইন্টার মায়ামির হয়ে প্রথম শিরোপা তিনি জিতেছিলেন এই লিগস কাপেই।
ক্লাবের দায়িত্বের পাশাপাশি যুক্তরাষ্ট্র ও মেক্সিকান লিগের তারকাদের নিয়ে আয়োজিত অল-স্টার ম্যাচেও মনোনীত হয়েছিলেন মেসি। তবে বিশ্বকাপে খেলার কারণে তাঁকে এই আসর থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। ফলে আজ রাতে শার্লটে অনুষ্ঠিত হতে যাওয়া এই ম্যাচে তিনি খেলছেন না। তাঁর সতীর্থ রদ্রিগো দি পলও অল-স্টার ম্যাচের পর কয়েক দিনের ছুটির বিষয়ে আগেই ক্লাবের সঙ্গে সমঝোতা করেছিলেন। তাই এই ম্যাচে না খেললেও তাঁদের বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না। গত বছর অল-স্টার ম্যাচে অংশ না নেওয়ায় এক ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন মেসি।




