দেশের বাজারে কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর তিনটি ভিন্ন মডেলের নিরাপত্তা ক্যামেরা উন্মোচন করেছে শাওমি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে প্রতিষ্ঠানটি জানায়, ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১’, ‘শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১’ এবং ‘শাওমি সিডব্লিউ১০০ ডুয়েল’—এই তিনটি মডেলে এআই শনাক্তকরণ প্রযুক্তি থাকায় উচ্চমানের ছবি দেখা সম্ভব। পাশাপাশি এনক্রিপশন সুবিধা থাকায় অনলাইনে বাসা বা অফিসের ছবি নিরাপদে দেখা যাবে।
শাওমি স্মার্ট ক্যামেরা সি২০১ মডেলটি ইনডোর ব্যবহারের জন্য উপযোগী। এতে এআই নির্ভর হিউম্যান অ্যান্ড পেট ডিটেকশন প্রযুক্তি রয়েছে, যা তাৎক্ষণিক সতর্কবার্তা পাঠাতে পারে। ক্যামেরাটি ১০৮০ পিক্সেলের ফুল এইচডি মানের ভিডিও ধারণ করতে সক্ষম এবং উন্নত ইনফ্রারেড নাইট ভিশন সুবিধা দেওয়া হয়েছে। ৩৬০ ডিগ্রি প্যানোরামিক মোডে ছবি তোলার পাশাপাশি লেন্স প্রয়োজনে ঢেকে রাখার ব্যবস্থাও রয়েছে।
দ্বিতীয় মডেল শাওমি স্মার্ট ক্যামেরা সি৩০১ ২৩০৪ বাই ১২৯৬ পিক্সেল রেজোলিউশনে ভিডিও ধারণ করতে পারে। এতে ইন্টেলিজেন্ট এআই হিউম্যান ডিটেকশন প্রযুক্তির সঙ্গে ডুয়েল-গিম্বল রোটেশন থাকায় ৩৬০ ডিগ্রি ফরম্যাটে ভিডিও দেখা সম্ভব। প্রাইভেসি মোড, এনক্রিপ্টেড কমিউনিকেশন ও সিকিউর ক্লাউড সুবিধাও যুক্ত করা হয়েছে এতে।
বাইরের অংশে ব্যবহারের উপযোগী তৃতীয় মডেল শাওমি সিডব্লিউ১০০ ডুয়েল। এটি একই রেজোলিউশনে ভিডিও ধারণ করে এবং এআই হিউম্যান ডিটেকশনের পাশাপাশি মানুষ ও যানবাহন শনাক্তকরণ প্রযুক্তি, ভার্চুয়াল ফেন্স অ্যালার্ট ও অ্যাকটিভ অডিও-ভিজুয়াল অ্যালার্ম সুবিধা রয়েছে।
ক্যামেরাগুলোর মূল্য নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৩ হাজার ৯৯ টাকা, ৪ হাজার ৮৯৯ টাকা ও ৬ হাজার টাকা। শাওমি বাংলাদেশের কান্ট্রি জেনারেল ম্যানেজার জিয়াউদ্দীন চৌধুরী বলেন, বর্তমানে প্রকৃত নিরাপত্তা বলতে নির্দিষ্ট স্থানের ছবি দেখার পাশাপাশি ব্যক্তিগত তথ্যের সুরক্ষাকেও বোঝায়। এই তিনটি মডেল বাজারে আনার মাধ্যমে শাওমি বাংলাদেশের বৃহত্তর জনগোষ্ঠীর কাছে এনক্রিপ্টেড ডেটা ট্রান্সমিশন প্রযুক্তি পৌঁছে দিয়েছে। ফলে পরিবার, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান, ক্লিনিকসহ যারা সংবেদনশীল ফুটেজ সংরক্ষণ করতে চান, তারা সবাই সর্বোচ্চ নিরাপত্তা পাবেন বলে তিনি মন্তব্য করেন।




