বর্তমান প্রায় প্রতিটি স্মার্টফোন, ল্যাপটপ এবং বৈদ্যুতিক গাড়িতেই ফাস্ট চার্জিং প্রযুক্তি যুক্ত করা হচ্ছে। ফলে মাত্র ৩০ মিনিটে ব্যাটারি শূন্য থেকে ৫০% বা তার বেশি চার্জ করা সম্ভব হচ্ছে। তবে দ্রুত চার্জিংয়ের ফলে ব্যাটারির ওপর কেমন প্রভাব পড়ে, তা নিয়ে সাধারণ মানুষের মনে প্রশ্ন রয়েছে।
বিজ্ঞানীদের মতে, ফাস্ট চার্জিং ব্যাটারির দীর্ঘমেয়াদী স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। লিথিয়াম-আয়ন ব্যাটারির ভেতরে ক্যাথোড ও অ্যানোডের মধ্যে লিথিয়াম আয়ন চলাচলের মাধ্যমেই কাজ করে। ফাস্ট চার্জিং এ এই আয়নের গতি বেড়ে যায়, যার ফলে অ্যানোডের ভেতরে লিথিয়াম প্লেটিং নামক প্রক্রিয়া শুরু হয়। এতে ব্যাটারির চার্জ ধারণক্ষমতা কমে যায় এবং সময়ের সাথে সাথে লিথিয়াম ডেনড্রাইট তৈরি হওয়ার আশঙ্কা থাকে।
তবে নির্মাতা প্রতিষ্ঠানগুলো আধুনিক ব্যাটারি ম্যানেজমেন্ট সিস্টেম ব্যবহার করছে, যা তাপমাত্রা, ভোল্টেজ ও কারেন্ট নিয়ন্ত্রণ করে ব্যাটারিকে সুরক্ষিত রাখে। চার্জিং অবস্থায় তাপমাত্রা ২০-২৫ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। খুব বেশি গরম বা ঠান্ডা পরিবেশে চার্জ করলে ব্যাটারির রাসায়নিক কাঠামো নষ্ট হওয়ার ঝুঁকি থাকে। এছাড়া ব্যাটারি সবসময় ১০০% চার্জ না করে ২০-৮০% এর মধ্যে রাখা ভালো বলে মত তাদের।
চীনের জিয়ান জিয়াওটং বিশ্ববিদ্যালয়ের কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ঝিউয়ান জিয়াং জানান, সাধারণ চার্জিংয়ে কম কারেন্ট ব্যবহার করা হয়, ফলে লিথিয়াম আয়নগুলো ধীরে ধীরে অ্যানোডের ভেতরে জমা হয় এবং ব্যাটারি কম গরম হয়। কিন্তু ফাস্ট চার্জিংয়ে চার্জের সময় কমানোর জন্য কারেন্ট অনেক বাড়িয়ে দেওয়া হয়, যা তাপমাত্রা বাড়িয়ে দেয় এবং ব্যাটারির অভ্যন্তরীণ উপাদানের ওপর চাপ সৃষ্টি করে।
উন্নত তাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা থাকা সত্ত্বেও, কিছু ক্ষেত্রে অতিরিক্ত গরমের কারণে ব্যাটারি ফুলে যেতে পারে বা থার্মাল রানঅ্যাওয়ে নামক বিপজ্জনক অবস্থার সৃষ্টি হতে পারে। তবে আধুনিক ডিভাইসগুলোতে তাপমাত্রা বেশি হলে চার্জিং স্পিড নিজে থেকেই কমিয়ে দেওয়ার ব্যবস্থা থাকে, যা ব্যাটারিকে সুরক্ষিত রাখে।
ব্যাটারির আয়ু বাড়ানোর জন্য বিশেষজ্ঞরা আরও পরামর্শ দেন, ডিভাইসটি সরাসরি সূর্যের আলোতে বা গরম গাড়ির ভেতরে রাখা যাবে না। ল্যাপটপের মতো ডিভাইস চার্জ হয়ে যাওয়ার পর সারাক্ষণ প্লাগ ইন করে না রাখাই ভালো। সবচেয়ে ভালো তাপমাত্রা ২০-২৫ ডিগ্রি সেলসিয়াস, যা মানুষের শরীরের জন্যও আরামদায়ক। ফলে ফাস্ট চার্জিং ব্যবহার করলেও কিছু সাধারণ সতর্কতা মেনে চললেই ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখা সম্ভব।



