শিক্ষক নিয়োগ সংক্রান্ত অনিয়ম ও দুর্নীতির অভিযোগে দায়ের করা মামলায় সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকার মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. শাহজাহান কবির এই আদেশ প্রদান করেন। দুদকের প্রসিকিউটর দেলোয়ার জাহান রুমী এই তথ্য নিশ্চিত করেছেন। রাশেদ খান মেনন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি।

গত বছরের ২২ ডিসেম্বর উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজে শিক্ষক নিয়োগে অনিয়ম-দুর্নীতির অভিযোগে রাশেদ খান মেননসহ ২০ জনের বিরুদ্ধে মামলাটি করে দুদক। মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক মো. ফেরদৌস রহমান গত ৩০ জুন রাশেদ খান মেননকে গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। সেদিন আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য ৮ জুলাই তারিখ নির্ধারণ করেছিলেন। আজ শুনানি শেষে আবেদনটি মঞ্জুর করে আদেশ দেন বিচারক।

উল্লেখ্য, ২০২৪ সালের ২২ আগস্ট রাশেদ খান মেননকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন। তার বিরুদ্ধে হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।