ঢাকার সাভারে গ্যাস সংকট চরম আকার ধারণ করেছে। প্রায় এক বছর ধরে পৌরসভার ৪ ও ৫ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন এলাকার বাসিন্দারা গ্যাস না পেয়ে দীর্ঘদিন ধরে ভোগান্তিতে রয়েছেন। বিশেষ করে গত দুই মাস ধরে তাদের বাড়িতে গ্যাসের কোনো সরবরাহ নেই বললেই চলে। অথচ নিয়মিত বিল পরিশোধ করছেন তারা। বাধ্য হয়ে লাকড়ির চুলা ও বৈদ্যুতিক চুলার ওপর নির্ভর করতে হচ্ছে তাদের। এই পরিস্থিতির প্রতিবাদে রোববার দুপুরে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসি’র সাভার আঞ্চলিক বিক্রয় বিভাগের কার্যালয়ের সামনে জড়ো হন ভুক্তভোগী গ্রাহকেরা। দুপুর পৌনে ১২টার দিকে জালেশ্বর এলাকায় অবস্থিত ওই কার্যালয়ের সামনে জমায়েত হন তারা। পরে সেখানে বিক্ষোভ শুরু হয়। সংকট নিরসন ও নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে সোচ্চার হন বিক্ষোভকারীরা। বিক্ষোভ শেষে দুপুর সাড়ে ১২টার দিকে তিতাস গ্যাসের উপব্যবস্থাপনা পরিচালক (গাজীপুর) সাখাওয়াত হোসেনের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন তারা। সেই সঙ্গে সমস্যা সমাধানের জন্য তিন দিনের সময়সীমা বেঁধে দেন ভুক্তভোগীরা। সাখাওয়াত হোসেন জানান, গ্রাহকদের সমস্যার কথা শুনেছেন। তিনি বলেন, কোন এলাকায় কোন সংযোগ থেকে এই সমস্যা সৃষ্টি হয়েছে তা চিহ্নিত করা হবে। সেই লাইনে গ্যাসের চাপ বাড়িয়ে কীভাবে সমাধান করা যায়, সেটি দেখা হবে। দ্রুতই সমস্যা সমাধানের চেষ্টা করা হবে বলে তিনি আশ্বস্ত করেন। তবে ভুক্তভোগীরা তাত্ক্ষণিক পদক্ষেপ দাবি করেছেন।
সাভারে গ্যাস সরবরাহে বিপর্যয়: গ্রাহকদের বিক্ষোভ, তিতাসকে স্মারকলিপি
সাভারের একাধিক এলাকায় প্রায় এক বছর ধরে গ্যাস সংকট চলছে। দুই মাস ধরে কোনো গ্যাস পাচ্ছেন না গ্রাহকেরা। বাধ্য হয়ে লাকড়ি ও বৈদ্যুতিক চুলা ব্যবহার করছেন তারা। রোববার তিতাস কার্যালয়ের সামনে বিক্ষোভ ও স্মারকলিপি দেওয়া হয়েছে।




