ব্রাজিলে পুলিশের অভিযানে উদ্ধার হলো বিখ্যাত ফরাসি শিল্পী হেনরি মাতিসের আটটি চিত্রকর্ম। গত বছরের ৭ ডিসেম্বর সাও পাওলোর মিউনিসিপ্যাল লাইব্রেরি থেকে চুরি যাওয়া এই শিল্পকর্মগুলোর বর্তমান বাজারমূল্য প্রায় ২০০ হাজার ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২ কোটি ৩৮ লাখ টাকা) বলে ধারণা করা হচ্ছে।
বৃহস্পতিবার শহরের দক্ষিণ উপকণ্ঠ সাও বার্নার্দো ডো ক্যাম্পোর একটি বাড়িতে তল্লাশি চালিয়ে এসব শিল্পকর্ম উদ্ধার করে পুলিশ। ওই বাড়ি থেকে ৪৪ বছর বয়সী এক পুরুষ সন্দেহভাজনকে গ্রেপ্তার করা হয়েছে। ব্রাজিলের সংবাদমাধ্যম গ্লোবো জানিয়েছে, গ্রেপ্তার ওই ব্যক্তির নাম জোয়াও পাওলো লিনহারেস ডি অ্যারাউজো। চুরির ঘটনায় অভিযুক্তদের হয়ে শিল্পকর্মগুলো তিনি সংরক্ষণ করে রেখেছিলেন বলে পুলিশের সন্দেহ।
এ ঘটনায় এর আগে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছিল। চুরির পরিকল্পনা ও পরিচালনার অভিযোগ রয়েছে ৫৩ বছর বয়সী লায়েসিও রদ্রিগেস ডি অলিভেইরার বিরুদ্ধে। ব্রাজিলের গণমাধ্যমের বর্ণনা অনুযায়ী, তিনি একজন কুখ্যাত শিল্পকর্ম চোর। অন্য একটি মামলায় এপ্রিল মাসে গ্রেপ্তারের পর থেকে তিনি কারাগারে রয়েছেন। গ্রন্থাগার থেকে চুরির ঘটনায় জড়িত থাকার অভিযোগে আরও এক পুরুষ ও এক নারীকে আটক করা হয়েছে।
গত বছর ৭ ডিসেম্বর বিকেলে দুই দুষ্কৃতী গ্রন্থাগারের একজন নিরাপত্তারক্ষী এবং সেখানে ঘুরতে আসা এক বয়স্ক দম্পতিকে কব্জা করে মূল ফটক দিয়ে বেরিয়ে যায়। ওই সময় গ্রন্থাগারে 'বই থেকে জাদুঘরে' শীর্ষক একটি যৌথ প্রদর্শনীর শেষ দিন চলছিল। সাও পাওলো মিউজিয়াম অব মডার্ন আর্টের সঙ্গে যৌথভাবে আয়োজিত এই প্রদর্শনী থেকে মাতিসের আটটি চিত্রকর্ম ও ব্রাজিলীয় শিল্পী ক্যান্ডিডো পোর্টিনারির পাঁচটি খোদাইচিত্র চুরি হয়।
মাতিসের এসব চিত্রকর্ম তার সীমিত সংস্করণের শিল্পবই 'জ্যাজ'-এর জন্য তৈরি করা। অন্যদিকে, পোর্টিনারির খোদাইচিত্রগুলো ব্রাজিলীয় লেখক জোসে লিনস ডো রেগোর উপন্যাস 'মেনিনো ডি এনজেনহো'-র বিশেষ সংস্করণের জন্য অঙ্কিত। পোর্টিনারির ওই পাঁচটি কাজ এখনো উদ্ধার করা সম্ভব হয়নি।
স্থানীয় সংস্কৃতি বিভাগ জানিয়েছে, উদ্ধারকৃত শিল্পকর্মগুলো ইতিমধ্যে গ্রন্থাগারে ফেরত দেওয়া হয়েছে এবং গ্রন্থাগারের নিরাপত্তা ব্যবস্থাও জোরদার করা হয়েছে। বিংশ শতাব্দীর সবচেয়ে প্রভাবশালী শিল্পীদের একজন হিসেবে বিবেচিত মাতিসের চুরি যাওয়া কাজগুলোর মূল্য 'অপরিসীম' বলে মন্তব্য করেছেন শিল্পসমালোচকরা। অন্যদিকে, সাধারণত কৃষক ও শ্রমজীবী মানুষের ছবি আঁকা পোর্টিনারি ব্রাজিলের আধুনিক শিল্প আন্দোলনের অন্যতম প্রধান ব্যক্তিত্ব।




