রাজধানীর বনানীতে অবস্থিত এশিয়াটিক সেন্টারের বাতিঘর আর্ট স্পেসে আগামী ১ আগস্ট (শনিবার) থেকে শুরু হতে যাচ্ছে চিত্রশিল্পী ফারিনা সামহি নিথীর প্রথম একক চিত্রপ্রদর্শনী ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’। মঙ্গলদ্বীপ ফাউন্ডেশন এই প্রদর্শনীর আয়োজন করছে, যা বিকেল চারটায় উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ওরাকল বাংলাদেশ, নেপাল ও ভুটানের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর রুবাবা দৌলা। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে থাকবেন বরেণ্য অভিনেতা ও চিত্রশিল্পী আফজাল হোসেন এবং গ্যালারি চিত্রকের নির্বাহী পরিচালক মো. মনিরুজ্জামান। প্রদর্শনীটি আয়োজনে সহযোগিতা করছে ভার্টেক্স চেম্বারস ও সাজেদা ফাউন্ডেশন।
শ্রবণপ্রতিবন্ধী শিল্পী ফারিনা বিশ্বাস করেন, শব্দের মাধ্যমে যা প্রকাশ করা সম্ভব নয়, তা রং, আকার ও অবয়বের মাধ্যমেই ফুটিয়ে তোলা যায়। এই দর্শন থেকেই তাঁর প্রদর্শনীর নামকরণ করা হয়েছে ‘সাইলেন্ট এক্সপ্রেশনস’ বা নীরব অভিব্যক্তি। প্রদর্শনীতে অ্যাক্রেলিক মাধ্যমের বাছাই করা চিত্রকর্ম স্থান পাবে, যার প্রতিটি ফারিনার নিজস্ব শৈল্পিক চিন্তাধারার প্রতিফলন ঘটায়।
বিভিন্ন কর্মশালায় অংশগ্রহণের মাধ্যমে ফারিনা তাঁর শিল্পচর্চাকে আরও সমৃদ্ধ করেছেন। এর আগে বিভিন্ন দলীয় প্রদর্শনীতেও তাঁর কাজ প্রদর্শিত হয়েছে। ২০১৭ সালে কলকাতায় ইন্ডিয়ান কাউন্সিল ফর কালচারাল রিলেশনস (আইসিসিআর) আয়োজিত আন্তর্জাতিক দলীয় শিল্প প্রদর্শনী এবং ২০২৩ সালে শিল্পগুরু সফিউদ্দীন আহমেদের ১০১তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত বিশেষ প্রদর্শনীতে তাঁর কাজ স্থান পেয়েছিল।
প্রদর্শনীটি আগামী ১০ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন বিকেল চারটা থেকে রাত আটটা পর্যন্ত দর্শনার্থীদের জন্য এটি উন্মুক্ত থাকবে। শিল্পপ্রেমীদের জন্য এটি একটি বিশেষ সুযোগ, যেখানে নীরবতার মাধ্যমেই কথা বলবে রং ও রেখার বুনন।



