তামিল সুপারস্টার ও তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের অভিনীত শেষ সিনেমা ‘জন নায়াগন’ বক্স অফিসে দারুণ সফলতা অর্জন করেছে। মুক্তির প্রথম সপ্তাহ শেষে ছবিটি বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। সপ্তাহের মাঝামাঝি সময়ে আয়ের গতিতে কিছুটা মন্দা দেখা গেলেও দেশীয় ও আন্তর্জাতিক বাজারে সিনেমাটির দৃঢ় অবস্থান বজায় রয়েছে। শিল্প-সংশ্লিষ্ট ট্র্যাকার স্যাকনিলকের তথ্য অনুযায়ী, বুধবার (সপ্তম দিন) ভারতে ছবিটি আনুমানিক ৬ কোটি ১০ লাখ রুপি আয় করেছে। ফলে ভারতে মোট নেট আয় দাঁড়িয়েছে ১৪৯ কোটি ৫০ লাখ রুপি। ভারতের গ্রস আয় ১৭৪ কোটি ৬৩ লাখ রুপিতে পৌঁছেছে। সব মিলিয়ে প্রথম সপ্তাহ শেষে বিশ্বব্যাপী ছবিটির আয় প্রায় ২৫৫ কোটি রুপি। সপ্তম দিনের আয়ে সবচেয়ে বেশি অবদান রেখেছে তামিল সংস্করণ, যা থেকে এসেছে ৪ কোটি ৬০ লাখ রুপি। হিন্দি সংস্করণ থেকে ১ কোটি রুপি এবং তেলেগু সংস্করণ থেকে ৫০ লাখ রুপি আয় হয়েছে। তবে ষষ্ঠ দিনের তুলনায় সপ্তম দিনে আয় কমেছে। মঙ্গলবার ছবিটি ভারতে ৮ কোটি রুপি নেট আয় করেছিল। সপ্তাহের মাঝামাঝি সময়ে দর্শক সংখ্যা কমে যাওয়ায় এই পতনকে স্বাভাবিক প্রবণতা হিসেবে দেখছেন বিশ্লেষকরা। বর্তমানে সারা ভারতে ১০ হাজার ৩৫৯টি শোতে চলছে ‘জন নায়াগন’। বুধবার তামিল সংস্করণের সামগ্রিক আসন দখলের হার ছিল ২০.৭৫ শতাংশ। সকালের শোতে ১৬.৬২ শতাংশ, দুপুরে ১৯.২৩ শতাংশ, সন্ধ্যায় ২৪.৩৮ শতাংশ এবং রাতের শোতে ২২.৭৭ শতাংশ আসন পূর্ণ ছিল। এই রাজনৈতিক অ্যাকশনধর্মী ছবিটি পরিচালনা করেছেন এইচ. ভিনোথ। কেভিএন প্রোডাকশনের ব্যানারে প্রযোজনা করেছেন ভেঙ্কট কে. নারায়ণা। বিজয়ের পাশাপাশি ছবিতে অভিনয় করেছেন পূজা হেগড়ে, মামিথা বাইজু, নাসার, প্রকাশ রাজ, গৌতম বাসুদেব মেনন, নারাইন ও প্রিয়ামণি। পূর্ণকালীন রাজনৈতিক জীবনে মনোযোগ দেওয়ার আগে এটিকেই বিজয়ের শেষ চলচ্চিত্র হিসেবে প্রচার করা হয়েছে। প্রথম সপ্তাহে ২৫৫ কোটির মাইলফলক স্পর্শ করার পর এখন দ্বিতীয় সপ্তাহান্তে ছবিটির আয় কতটা বাড়ে, সেদিকেই নজর বক্স অফিস বিশ্লেষকদের।
প্রথম সপ্তাহে ২৫৫ কোটি রুপি আয় করল বিজয়ের বিদায়ী ছবি ‘জন নায়াগন’
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী বিজয়ের শেষ চলচ্চিত্র ‘জন নায়াগন’ প্রথম সপ্তাহে বিশ্বব্যাপী ২৫৫ কোটি রুপির বেশি আয় করেছে। সপ্তম দিনে আয় কিছুটা কমলেও ছবিটি স্থিতিশীল রয়েছে।




