ইউক্রেনের সামরিক বাহিনী যুদ্ধক্ষেত্রে এক অভিনব কৌশল অবলম্বন করছে, যেখানে বড় মাল্টিকপ্টার ড্রোন থেকে সশস্ত্র স্থলযুদ্ধ রোবট (ইউজিভি) ফেলে হামলা চালানো হচ্ছে। সম্প্রতি প্রকাশিত এক যুদ্ধভিত্তিক ফুটেজে এমন চিত্রই ধরা পড়েছে। সমর বিশ্লেষকদের ধারণা, এই পদ্ধতি আকাশপথে সেনা মোতায়েনের এক সম্পূর্ণ নতুন যুগের পথ দেখাতে পারে।
প্রাপ্ত ভিজুয়াল প্রমাণ থেকে দেখা যাচ্ছে, ইউক্রেনের বাহিনী ভারী-উত্তোলনে সক্ষম মাল্টিকপ্টার ব্যবহার করে ইউজিভিগুলোকে নির্দিষ্ট লক্ষ্যস্থলে পৌঁছে দিচ্ছে। রোবটগুলোতে বিস্ফোরক বা অস্ত্র সংযুক্ত করে শত্রুর প্রতিরক্ষা ব্যবস্থা বা অবস্থান লক্ষ্য করে ফেলা হচ্ছে। এই ধরনের সমন্বিত আক্রমণ আগে তাত্ত্বিকভাবে আলোচিত হলেও বাস্তব যুদ্ধে এর সরাসরি প্রয়োগ একেবারেই নতুন।
বিশেষজ্ঞরা বলছেন, এই কৌশলের মাধ্যমে ইউক্রেন তার প্রচলিত বিমানবহিনী বা হেলিকপ্টারের ঝুঁকি না নিয়েও শত্রুর গভীরে আঘাত হানতে পারছে। এটি তাদের সক্ষমতায় এক গুরুত্বপূর্ণ মাত্রা যোগ করেছে। ভারী ড্রোন ও সশস্ত্র গ্রাউন্ড রোবটের সংযোগ ঘঠিয়ে যে অপারেশন চালানো হচ্ছে, তাতে যুদ্ধের গতিপ্রকৃতি ও কৌশলগত পরিকল্পনায় বড় রকমের পরিবর্তন আসতে পারে।
এই পদ্ধতির ব্যবহার নিয়ে সামরিক মহলে ইতিমধ্যেই নানা আলোচনা শুরু হয়েছে। যুদ্ধক্ষেত্রে মনুষ্যবিহীন আকাশযান ও স্থলযানের সম্মিলিত ব্যবহার ভবিষ্যতের সংঘাতের চিত্র কীভাবে বদলে দেবে, তা নিয়ে নতুন করে ভাবার সময় এসেছে।



