যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক বিশেষ দূত সার্জিও গর আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। সূত্র মতে, এই তিন দিনের সফরের প্রথম দিনেই তিনি প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাথে আলোচনায় বসবেন। আগামীকাল শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবির সরেজমিনে দেখার পরিকল্পনা রয়েছে তাঁর। কূটনৈতিক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকদের মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সাম্প্রতিক বেইজিং সফর, বিভিন্ন দেশের সাথে বাংলাদেশের সম্প্রতি সম্পৃক্ততা এবং চলমান আঞ্চলিক কূটনৈতিক তৎপরতার পটভূমিতে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ। গত ফেব্রুয়ারিতে বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এটি যুক্তরাষ্ট্রের কোনো জ্যেষ্ঠ কর্মকর্তার তৃতীয় ঢাকা সফর। এর আগে মার্চে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর এবং মে মাসে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী বাণিজ্য প্রতিনিধি ব্রেন্ডান লিঞ্চ বাংলাদেশ সফর করেন। সূত্রগুলো জানায়, গরের এই সফরে বাংলাদেশের পররাষ্ট্রনীতির বর্তমান অগ্রাধিকার, আঞ্চলিক কৌশলগত অবস্থান এবং ঢাকা-ওয়াশিংটন দ্বিপাক্ষিক সম্পর্কের ভবিষ্যৎ দিকনির্দেশনা নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিশেষ করে জুন মাসে প্রধানমন্ত্রীর চীন সফর, একই মাসে পররাষ্ট্রমন্ত্রীর মস্কো সফর এবং তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফরের প্রেক্ষাপটে বাংলাদেশের কৌশলগত অবস্থান নিয়ে আন্তর্জাতিক মহলে যে আগ্রহ তৈরি হয়েছে, তার ওয়াশিংটনের মূল্যায়ন এই সফরে প্রতিফলিত হবে বলে মনে করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে তিনি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের বার্তাও বাংলাদেশের নেতৃত্বের কাছে পৌঁছে দিতে পারেন। প্রেসিডেন্ট ট্রাম্প ২০২৫ সালের আগস্টে ব্যবসায়ী, রাজনীতিবিদ ও হোয়াইট হাউসের প্রেসিডেন্ট দপ্তরের সাবেক কর্মকর্তা সার্জিও গরকে মার্কিন পররাষ্ট্র দপ্তরের এই বিশেষ দূত হিসেবে নিয়োগ দেন। ওই পদে নিয়োগের পর থেকে তিনি ওয়াশিংটনের আঞ্চলিক কূটনীতির অন্যতম প্রধান ব্যক্তিত্ব হয়ে উঠেছেন। এ বছরের জানুয়ারিতে তিনি দিল্লিতে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। নয়াদিল্লিকে কেন্দ্র করে তিনি ভারতের পাশাপাশি বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কা ও ভুটানের মতো দক্ষিণ এশিয়ার দেশগুলোর সাথে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব পালন করছেন। বিশেষ দূত হিসেবে দায়িত্ব নেওয়ার পর তাঁর নেপাল ও শ্রীলঙ্কা সফর সেই আঞ্চলিক কৌশলেরই ইঙ্গিত বহন করে।