সারাদেশে যখন গ্যাস ও বিদ্যুৎ সংকট তীব্র আকার ধারণ করেছে, তখন সামাজিক যোগাযোগমাধ্যমে সরকারের শীর্ষ ব্যক্তিদের নামে একের পর এক বক্তব্য ছড়িয়ে পড়ছে। যাচাই করে দেখা গেছে, এই বক্তব্যগুলোর বেশিরভাগই ব্যঙ্গাত্মক বা প্যারোডি পেজ থেকে উৎপত্তি হয়ে পরবর্তীতে সত্য ঘটনা হিসেবে প্রচারিত হচ্ছে।
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুর নামে একটি ফটোকার্ডে বলা হয়েছে, 'আমাদের ছোটবেলায় তো বিদ্যুৎই ছিল না। তখন কি আমরা বাঁচি নাই? আর এখন মাত্র ১৬/১৭ ঘণ্টা বিদ্যুৎ না থাকলে আপনারা সরকারকে গালাগালি করেন।' এই বক্তব্যের সত্যতা যাচাইয়ে মন্ত্রীর পক্ষ থেকে এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। বিশ্বস্ত গণমাধ্যম, মন্ত্রণালয়ের অফিসিয়াল পেজ কিংবা মন্ত্রীর নিজস্ব ফেসবুক পেজেও এর কোনো অস্তিত্ব নেই।
ফটোকার্ডটির সূত্র খুঁজতে গিয়ে দেখা যায়, 'Gupto Tv' নামের একটি ফেসবুক পেজে ১২ আগস্ট এটি প্রথম প্রকাশিত হয়। পেজটির পরিচিতিতে নিজেদের 'Satire & Parody platform' হিসেবে উল্লেখ করা হয়েছে, যেখানে বিনোদনের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক কনটেন্ট তৈরি করা হয়। অর্থাৎ এটি কোনো সংবাদ নয়, বরং শুধুমাত্র কৌতুকের অংশ হিসেবে তৈরি করা হয়েছিল।
একই প্যারোডি পেজ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যবহার করে আরেকটি ফটোকার্ড প্রকাশ করা হয়েছে। সেখানে তাকে উদ্ধৃত করে বলা হয়, 'চাইলেই ২৪ ঘণ্টা বিদ্যুৎ দিতে পারি, কিন্তু মায়ের সম্মানার্থে দিচ্ছি না—মায়ের আমলে ৩ ঘণ্টার বেশি কারেন্ট ছিল না, সন্তান হিসেবে মাকে টপকে যাওয়া অনৈতিক।' অনুসন্ধানে প্রধানমন্ত্রীর এমন কোনো মন্তব্যের প্রমাণ পাওয়া যায়নি। তার ফেসবুক পেজ এবং বিএনপির মিডিয়া সেলেও এমন বক্তব্যের কোনো চিহ্ন নেই।
প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য রুহুল কবির রিজভীকে উদ্ধৃত করেও একটি বক্তব্য ভাইরাল হয়েছে। ফটোকার্ডে তাকে বলা হয়েছে, 'এই যে কম বিদ্যুৎ থাকে, এরও কিন্তু একটা ভালো দিক আছে। বিদ্যুৎ কম থাকার কারণে বিদ্যুৎ বিলও কম আসবে।' গণমাধ্যম কিংবা নির্ভরযোগ্য সূত্রে রিজভীর এমন কোনো মন্তব্যের সত্যতা পাওয়া যায়নি।
টুকুর নামে আরও দুটি ভুয়া বক্তব্য প্রচারিত হচ্ছে। একটিতে বলা হয়েছে, 'বিদ্যুৎ বিল বেশি আসার সমস্যা সমাধান হয়েছে। এখনো যারা বিল বেশি আসছে বলে দাবি করছে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।' অন্যটিতে শেখ হাসিনাকে জড়িয়ে বলা হয়েছে, 'শেখ হাসিনা ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছিল বলেই আজ এত লোডশেডিং! জনগণকে কষ্ট দিতেই ফ্যাসিস্ট সরকার এই "অপরাধ" করে গেছে।' 'দৈনিক মোল্লার দেশ' নামের আরেকটি প্যারোডি পেজ থেকে এসব ফটোকার্ড প্রকাশিত হয়েছে বলে জানা গেছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানকে উদ্ধৃত করে আরেকটি বক্তব্যে বলা হচ্ছে, 'আমার এখানে বিদ্যুৎ আছে। গ্যাসও আছে। গাড়িতে তেল আছে। বাসায় নিয়মিত বাজার আছে। যারা বলছেন, এই নাই, সেই নাই—তারা ফ্যাসিস্টদের দোসর।' তবে তার এমন কোনো বক্তব্যের সত্যতা পাওয়া যায়নি। বরং সাম্প্রতিক সময়ে তিনি বিদ্যুৎ ও গ্যাস সংকটের কথা স্বীকার করে সংকট সমাধানে সরকারের পদক্ষেপের কথা জানিয়েছেন।




