চীনা কোম্পানিগুলোর কর্মসংস্থানের সুযোগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) আজ সোমবার শুরু হয়েছে দিনব্যাপী ‘সিনো-বাংলা ডে ২০২৬’। সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলা এই আয়োজনে প্রায় ৩০ থেকে ৪০টি চীনা প্রতিষ্ঠান অংশগ্রহণ করছে। এসব প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য মোট ৪৩০টি চাকরির পদ রয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউট যৌথভাবে এই মেলার আয়োজন করেছে। বাংলাদেশে নিযুক্ত চীনা দূতাবাস এবং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যৌথভাবে এই ‘সিনো-বাংলা ডে’ আয়োজনের উদ্যোগ নিয়েছে। আগ্রহী প্রার্থীরা মেলায় অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের কাছে সরাসরি কিংবা অনলাইনে জীবনবৃত্তান্ত (সিভি) জমা দিতে পারছেন। পাশাপাশি, সংশ্লিষ্ট পদে প্রয়োজনীয় যোগ্যতা, কাজের ধরন এবং নিয়োগপ্রক্রিয়া সম্পর্কে প্রতিনিধিদের সঙ্গে সরাসরি কথা বলারও ব্যবস্থা রয়েছে।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, জমা পড়া সিভির ভিত্তিতে প্রার্থীদের প্রাথমিক বাছাই প্রক্রিয়াও শুরু হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বাইরেও দেশের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই মেলায় অংশগ্রহণের সুযোগ পাচ্ছেন। চাকরিপ্রার্থীদের জন্য এটি একটি বড় সুযোগ বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কনফুসিয়াস ইনস্টিটিউটের পরিচালক ইয়ান হুয়ি বলেন, দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এই আয়োজন নতুন দিগন্ত উন্মোচন করবে। অর্থনৈতিক সহযোগিতার ক্ষেত্রে চীন-বাংলাদেশ সম্পর্ক সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তিনি আরও বলেন, বাংলাদেশে শুধু বিনিয়োগই নয়, তরুণদের দক্ষতা বৃদ্ধি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করতেও চীনা প্রতিষ্ঠানগুলো কাজ করছে।

চাকরি মেলায় অংশ নিতে আসা ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইশতিয়াক সৌরভ জানান, চীনের প্রতিষ্ঠানগুলোর প্রতি শিক্ষার্থীদের আগ্রহ দিন দিন বাড়ছে। তবে ভাষা একটি বড় প্রতিবন্ধকতা বলে মনে হচ্ছে তার। তিনি জানান, চীনা প্রতিষ্ঠান এবং সেখানে কাজের সুযোগ সম্পর্কে জানতেই তিনি মেলায় এসেছেন। তিনি আশা প্রকাশ করেন, এখান থেকে সরাসরি চাকরি না মিললেও নতুন কিছু জানা যাবে, যা ভবিষ্যতে কাজে লাগবে।

এছাড়া বাংলাদেশ চায়নিজ এন্টারপ্রাইজেস অ্যাসোসিয়েশন, বাংলাদেশে ওভারসিজ চায়নিজ অ্যাসোসিয়েশন এবং আপন ফ্রেন্ডশিপ এক্সচেঞ্জ সেন্টার এই অনুষ্ঠানের সহ-আয়োজক হিসেবে রয়েছে।