স্বাস্থ্যসচেতনতার এই যুগে মাচা যতটা আলোচনায়, তার চেয়ে কম নয় পরিচিত গ্রিন টির স্থান। সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে ক্যাফেগুলোতে সবুজ রঙের মাচার আধিপত্য যতই বাড়ুক, সাধারণ চা পাতা দিয়ে তৈরি এক কাপ গ্রিন টি আজও দৈনন্দিন স্বাস্থ্যকর অভ্যাসের একটি নির্ভরযোগ্য অংশ হয়ে আছে।

মাচা ও গ্রিন টি—দুটির উৎস একই চা গাছ হলেও প্রস্তুতপ্রণালিতে রয়েছে মৌলিক পার্থক্য। মাচায় প্রক্রিয়াজাত পাতা সূক্ষ্ম গুঁড়ো করে পুরোটাই পান করা হয়। অন্যদিকে গ্রিন টিতে গরম পানিতে পাতা ভিজিয়ে কেবল নির্যাস গ্রহণ করা হয়। এই কারণে মাচা যেখানে ট্রেন্ডি, গ্রিন টি সেখানে সহজ ও ঝামেলাহীন একটি পানীয়।

তবে এই সহজ পানীয়টি তৈরি হতে পেছনে লেগে থাকে দীর্ঘ একটি প্রক্রিয়া। চা-বাগানে সাধারণত কুঁড়িসহ একটি কচি পাতা সংগ্রহ করা হয়। পাতা সংগ্রহ শেষে তা পৌঁছে যায় কারখানায়, যেখানে প্রথমে পাতার ওজন ও মান যাচাই করা হয়। নির্দিষ্ট সময় পাতা ছড়িয়ে রাখার মাধ্যমে আর্দ্রতা কমানো হয়। এরপর উচ্চ তাপমাত্রায় দ্রুত প্রক্রিয়াজাত করে এনজাইমের কার্যক্রম নিয়ন্ত্রণ করা হয়, ফলে পাতার অক্সিডেশন সীমিত থেকে যায়। তাপ প্রয়োগের পরে নিয়ন্ত্রিতভাবে আর্দ্রতা ফিরিয়ে এনে রোলিং মেশিনে নির্দিষ্ট চাপ ও গতিতে পাতা ঘুরিয়ে প্রক্রিয়াজাত করা হয়। এই ধাপটি পাতার কোষীয় গঠনে পরিবর্তন এনে স্বাদ ও ঘ্রাণ তৈরিতে সহায়তা করে। শেষ ধাপে একাধিকবার শুকিয়ে আর্দ্রতা কমিয়ে ঠান্ডা, বাছাই ও প্যাকেটজাত করার পরই তা পৌঁছে যায় ভোক্তার হাতে।

গ্রিন টির জনপ্রিয়তার পেছনে মূল কারণ এর পলিফেনল ও ক্যাটেচিন, বিশেষ করে ইজিসিজি বা এপিগ্যালোক্যাটেচিন গ্যালেট। এসব উদ্ভিজ্জ যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট বৈশিষ্ট্য শরীরের অক্সিডেটিভ স্ট্রেস মোকাবিলায় ভূমিকা রাখতে পারে বলেই স্বাস্থ্যসচেতন মানুষের তালিকায় এটি স্থান পেয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করিয়ে দিয়েছেন, গ্রিন টি কোনো ম্যাজিক ড্রিংক নয়। চিনি ছাড়া পরিমিত পরিমাণে পান করলে তা সুষম খাদ্যাভ্যাসের একটি অংশ হতে পারে, কিন্তু একা এটি খেয়ে ওজন কমানো বা রোগ প্রতিরোধের আশা বৈজ্ঞানিকভাবে সমর্থনযোগ্য নয়।

মাচা এবং গ্রিন টির তুলনায় কোনটি বেশি স্বাস্থ্যকর, তা নির্ভর করে ব্যক্তির পছন্দ ও জীবনযাপনের ওপর। মাচায় পুরো পাতা গুঁড়ো করে পান করায় পাতার সব উপাদান সরাসরি শরীরে যায়, অন্যদিকে গ্রিন টিতে নির্যাস গ্রহণ করা হয়। তাই একটিকে অন্যটির চেয়ে ভালো বা খারাপ বলার সুযোগ নেই।

ট্রেন্ড যতই বদলাক, চেনা গ্রিন টির আবেদন চিরন্তন। গরম পানি, কয়েকটি পাতা আর কয়েক মিনিট সময়—এই সামান্য আয়োজনেই তৈরি হয়ে যায় এক কাপ গ্রিন টি, যার ভেতরে লুকানো থাকে চা-বাগানের কচি পাতা, শ্রমিকের পরিশ্রম ও আধুনিক প্রযুক্তির ছাপ। সুস্থ জীবনের আসল চাবিকাঠি কোনো একটি ট্রেন্ডি পানীয় নয়, বরং নিয়মিত ভালো অভ্যাস ও ভারসাম্যপূর্ণ জীবনযাপন।