রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টার অভিযানে ৫২৯ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ। বৃহস্পতিবার ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার মধ্যরাত পর্যন্ত চালানো এই নিয়মিত অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে বিভিন্ন থানায় ৩০টি পৃথক মামলা দায়ের করা হয়েছে।
আটককৃতদের বিভাগভিত্তিক পরিসংখ্যান তুলে ধরে ডিএমপি জানায়, মিরপুর বিভাগে সর্বোচ্চ ১৩৩ জনকে গ্রেপ্তার করা হয়। অন্যান্য বিভাগের মধ্যে ওয়ারীতে ৮৩ জন, তেজগাঁওয়ে ৬৭ জন, গুলশানে ৫৬ জন, উত্তরায় ৫৪ জন, মতিঝিলে ৫৩ জন, লালবাগে ৩৯ জন এবং রমনা বিভাগে ৩৫ জনকে আটক করা হয়েছে। এছাড়া গোয়েন্দা বিভাগ (ডিবি) ৮ জন ও সিটিটিসি বিভাগ ১ জনকে গ্রেপ্তার করে।
অভিযানে অভিযুক্তদের কাছ থেকে বিভিন্ন অবৈধ সামগ্রী বাজেয়াপ্ত করার কথাও জানায় ডিএমপি। উদ্ধারকৃত জিনিসের মধ্যে রয়েছে ১০০ গ্রাম গাঁজা, ৩৬৭ পিস ইয়াবা বড়ি, ২টি বিদেশি তৈরি পিস্তল, ৩টি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ৬টি মোবাইল ফোন এবং একটি সুইচ গিয়ার চাকু।
পুলিশের তরফে জানানো হয়, গ্রেপ্তারকৃত সকলের বিপক্ষে আইনানুগ প্রক্রিয়া অনুসরণ করা হবে এবং এ বিষয়ে তদন্ত অব্যহত রয়েছে।




