উচ্চশিক্ষার জন্য অস্ট্রেলিয়াগামী বাংলাদেশি শিক্ষার্থীদের সঠিক দিকনির্দেশনা দিতে রাজধানীতে অনুষ্ঠিত হলো 'অস্ট্রেলিয়ান এডুকেশন এক্সপো'। গতকাল শনিবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক্সিকিউটিভ স্টাডি অ্যাব্রোড এই এক্সপোর আয়োজন করে। এতে অস্ট্রেলিয়ার মোট ৩০টি বিশ্ববিদ্যালয় ও শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন আয়োজক প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রব্বানী হোসেন। এ সময় পরিচালক সাজ্জাদুর রহমান, মহাব্যবস্থাপক ফারহানা নাজরিন এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন স্বনামধন্য শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ছিল মোনাশ ইউনিভার্সিটি, ম্যাককুয়েরি ইউনিভার্সিটি এবং অ্যাডিলেড ইউনিভার্সিটির মতো খ্যাতনামা প্রতিষ্ঠান।
উদ্বোধনী বক্তব্যে মোহাম্মদ রব্বানী হোসেন বাংলাদেশি শিক্ষার্থীদের মধ্যে অস্ট্রেলিয়ার প্রতি ক্রমবর্ধমান আকর্ষণের কথা তুলে ধরেন। তিনি আন্তর্জাতিক মানসম্পন্ন পাঠদান, গবেষণার ব্যাপক সুযোগ, উন্নত শিক্ষাক্রম, বৈচিত্র্যপূর্ণ সাংস্কৃতিক পরিমণ্ডল এবং ডিগ্রি শেষে চাকরির সম্ভাবনাকে এই আগ্রহের প্রধান কারণ হিসেবে চিহ্নিত করেন। ভবিষ্যতের পেশাগত জীবন গঠনের নানা দিক সম্পর্কে সঠিক তথ্য ও পরামর্শ প্রদানের লক্ষ্যেই এই আয়োজন করা হয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
দিনব্যাপী চলা এই এক্সপোতে শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ পান। এসময় তারা নিজ নিজ শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী উপযুক্ত কোর্স বাছাই, ভর্তির প্রক্রিয়া, টিউশন ফি, বৃত্তির সুবিধা, স্টুডেন্ট ভিসার খুঁটিনাটি, আর্থিক পরিকল্পনা, পড়ার ফাঁকে খণ্ডকালীন চাকুরির বন্দোবস্ত এবং পড়াশোনা পরবর্তী ক্যারিয়ার পরিকল্পনার বিস্তারিত তথ্য ও পরামর্শ লাভ করেন।




