ফেনীর সোনাগাজীতে জুলাই পদযাত্রার আনুষ্ঠানিক সূচনা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। বৃহস্পতিবার সন্ধ্যায় জিরো পয়েন্টের পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। তিনি বলেন, ‘আমরা পুরোনো রাজনৈতিক খেলায় নতুন খেলোয়াড় হতে আসিনি, বরং আমরা খেলার মাঠ ও নিয়মকানুন বদলাতে এসেছি। তরুণ প্রজন্মকে দায়িত্ব নিতে হবে এবং প্রতিটি ঘরে পৌঁছে সমাজ গঠনে কাজ করতে হবে।’ সোনাগাজী বাজারের তাকিয়া রোড থেকে পদযাত্রাটি শুরু হয়ে পৌর প্রাঙ্গণে এসে পথসভায় রূপ নেয়।

হাসনাত আবদুল্লাহ তাঁর বক্তৃতায় বিএনপি সরকারের নানা সমালোচনা করেন। তিনি বলেন, ‘অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসা সরকার এখন বলছে, এক কোটি লোকের কর্মসংস্থান করবে। ছয় মাস পেরিয়ে গেলেও একজন মানুষেরও চাকরি হয়নি। বিদ্যুতের অবস্থা আরও খারাপ হয়েছে—আগে মাঝে মাঝে বিদ্যুৎ যেত, এখন মাঝে মাঝে বিদ্যুৎ আসে।’ তিনি আরও বলেন, ‘যাঁরা এখন আমাদের রিকশা থেকে গাড়িতে ওঠার কথা বলেন, তাঁরা নিজেরাই আগে রিকশা চালাতেন বা ধানখেতে ঘুমাতেন। এখন তাঁরা মামলা-বাণিজ্য, বালু মহাল ও সমাজে বিভাজন সৃষ্টি করে কোটি কোটি টাকা আয় করেছেন। আমরা চাঁদাবাজির বিরুদ্ধে পরিবর্তন চেয়েছি, দুর্নীতিগ্রস্ত ব্যক্তিরও পরিবর্তন চেয়েছি।’

এনসিপির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক আলী আহসান মোহাম্মদ জোনায়েদ বলেন, ‘বর্তমান সরকার ক্ষমতায় এসে ৭০ শতাংশ ভোটারের গণভোটের রায় বাস্তবায়ন করছে না। এই রায় কার্যকর না করা পর্যন্ত জুলাই যোদ্ধারা ঘরে ফিরবেন না।’ তিনি জানান, পাঁচটি সুনির্দিষ্ট দাবিতে সারা দেশে জুলাই পদযাত্রা চলছে। দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান বৃদ্ধি, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও সীমান্ত সুরক্ষা। পথসভায় সভাপতিত্ব করেন এনসিপি সোনাগাজী উপজেলা আহ্বায়ক আবদুল্লাহ আল মামুন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব আকরাম হোসেন পিয়াল, যুগ্ম আহ্বায়ক নিজাম উদ্দিন, চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এস এম সুজা উদ্দিন, জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতি তরিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার।

পদযাত্রা শুরুর আগে হাসনাত আবদুল্লাহ ও এনসিপির কেন্দ্রীয় নেতারা ফেনীতে শহীদ জুলাই যোদ্ধা সোনাগাজীর বোরহান উদ্দিনের কবর এবং ফুলগাজীর আনন্দপুরে শহীদ সারোয়ার জাহান শ্রাবণের কবর জিয়ারত করেন। হাসনাত আবদুল্লাহ বলেন, ‘দেশ এখনো মাদক, দুর্নীতি ও চাঁদাবাজিমুক্ত হয়নি। চাকরির জন্য সিভি হাতে অফিসে অফিসে ঘোরা বন্ধ হয়নি। জিনিসপত্রের দামও এখনো কমেনি। আমরা এই অবস্থার পরিবর্তন চাই এবং সেজন্যই আমাদের এই পদযাত্রা।’