অনলাইন ফ্যাশন পেজ ‘অ্যাপোনিয়া’ থেকে ২৮ হাজার ৮০০ টাকা মূল্যের একটি শাড়ি নেওয়ার পর তার প্রচারণা ও মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিলেন অভিনেত্রী তানজিন তিশা। তবে পরে তিনি সব ধরনের যোগাযোগ বিচ্ছিন্ন করে দেন বলে অভিযোগ। এই ঘটনায় পেজটির প্রশাসক আমিনুল ইসলাম গত বছরের নভেম্বরে আদালতে প্রতারণা ও আস্থাভঙ্গের অভিযোগে একটি মামলা দায়ের করেন।
এরই পরিপ্রেক্ষিতে আজ রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত তানজিন তিশার বিরুদ্ধে সমন জারি করে আগামী ১৩ আগস্ট তাকে সশরীরে আদালতে উপস্থিত হওয়ার নির্দেশ দিয়েছেন। বাদীপক্ষের আইনজীবী সলিমুল্লাহ সরকার বলেন, ‘আইনি নোটিশ পাঠানোর পরও কোনো সাড়া পাওয়া যায়নি। তাই গত বছরের নভেম্বরে মামলাটি করা হয়। আদালতের নির্দেশে ডিবি তদন্ত করে প্রতিবেদন জমা দেয়। তদন্তে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে।’
মামলাটি দায়েরের পর প্রথমে আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশকে (ডিবি) নির্দেশ দিয়েছিলেন। সম্প্রতি ডিবি তাদের তদন্ত প্রতিবেদন আদালতে জমা দেয়। সেই প্রতিবেদন আমলে নিয়ে আদালত সমন জারি করেন। এখন আগামী ১৩ আগস্ট এ বিষয়ে পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।




