মার্কিন যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান বিউটি পণ্যের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান আল্টা বিউটি তাদের প্রথম ফ্ল্যাগশিপ মেগাস্টোর চালু করার পরিকল্পনা ঘোষণা করেছে। নিউ ইয়র্ক সিটির টাইমস স্কয়ারে আগামী বছরের শেষের দিকে এই চার তলা বিশিষ্ট স্টোরটি চালু হবে বলে জানা গেছে। প্রতিষ্ঠানটির বর্তমান শাখাগুলো মূলত মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্ট্রিপ মল ও শপিং সেন্টারে অবস্থিত। এই ফ্ল্যাগশিপের মাধ্যমে আল্টা বিউটি তাদের পণ্য ও বিপণন কৌশলে নতুন মাত্রা যোগ করতে চায় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
টাইমস স্কয়ার এলাকায় ১৫ বছরের লিজ চুক্তির আওতায় আল্টা বিউটি মোট ৪০০ মিলিয়ন ডলার ব্যয় করবে। ২৭ হাজার বর্গফুট আয়তনের এই স্টোরটি সেফোরার মতো প্রতিযোগীদের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতায় শক্ত অবস্থান নিতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে জেন জেড প্রজন্মের ক্রেতাদের কাছে সেফোরার স্টোরগুলোর জনপ্রিয়তা বিবেচনায় নিয়ে আল্টা বিউটি তাদের বিপণন ও গ্রাহক অভিজ্ঞতায় নতুনত্ব আনার চেষ্টা করছে।
প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা কেসিয়া স্টিলম্যান বিনিয়োগকারীদের উদ্দেশ্যে বলেন, এই ফ্ল্যাগশিপ স্টোরটি ব্র্যান্ড নির্মাণ ও গল্প বলার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচন করবে। এখানে এলইডি বিলবোর্ড ও অন্যান্য আকর্ষণীয় সুবিধা থাকবে যা প্রতিষ্ঠানের অন্য ১ হাজার ৫০০ শাখায় দেখা যায় না। অন্যদিকে, আল্টা বিউটির প্রধান খুচরা কর্মকর্তা অ্যামি বেয়ার-থমাস সম্প্রতি এক অনুষ্ঠানে বলেন, টাইমস স্কয়ার একটি বৈশ্বিক মঞ্চ, যেখানে প্রতিষ্ঠানের সম্প্রসারণের সুযোগ রয়েছে। তিনি উল্লেখ করেন, এই ফ্ল্যাগশিপ শুধু পণ্য বিক্রির স্থান নয়, বরং সম্পর্ক গড়ে তোলা ও গ্রাহক আনুগত্য বৃদ্ধির একটি কেন্দ্র হিসেবে কাজ করবে।
বিশেষজ্ঞদের মতে, আল্টা বিউটির এই ফ্ল্যাগশিপ স্টোরটিকে অবশ্যই সাধারণ খুচরা দোকানের চেয়ে আলাদা ও আকর্ষণীয় হতে হবে। এসডব্লিউ রিটেইল অ্যাডভাইজার্সের প্রেসিডেন্ট স্টেসি উইডলিৎজ মনে করেন, এটিকে যেন মেকআপের জন্য উইলি ওয়াঙ্কার ক্যান্ডি ল্যান্ডের মতো করে তৈরি করা প্রয়োজন। অন্যদিকে, সেজবেরি কনসাল্টিংয়ের প্রেসিডেন্ট ও সাবেক নিম্যান মার্কাস নির্বাহী স্টিভ ডেনিসের মতে, ফ্ল্যাগশিপ বলতে শুধু বড় আকারের স্টোর নয়, বরং এটি ক্রেতাদের জন্য বিশেষ কিছু অফার করবে বলে প্রতীয়মান হতে হবে। প্রতিষ্ঠানটির জন্য এটি একটি নতুন পরীক্ষা।
উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে অ্যাবারক্রম্বি অ্যান্ড ফিচ, গ্যাপ ও ভিক্টোরিয়াস সিক্রেটের মতো কোম্পানিগুলো তাদের ফ্ল্যাগশিপ স্টোর বন্ধ করে দিয়েছে। কারণ সেগুলো আর্থিকভাবে লাভজনক না হওয়ার পাশাপাশি গ্রাহকদের কাছে বিশেষ কিছু দিতে ব্যর্থ হয়েছিল। তবে আল্টা বিউটি মনে করছে, এই ফ্ল্যাগশিপ পুরো চেইনের জন্য একটি হ্যালো ইফেক্ট তৈরি করবে এবং ব্র্যান্ড সচেতনতা বাড়াবে। প্রতিষ্ঠানটির বার্ষিক আয় ১২ দশমিক ৪ বিলিয়ন ডলার এবং চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকে আয় বেড়েছে ১১ শতাংশ। সম্প্রতি তারা আন্তর্জাতিক বাজারেও সম্প্রসারণ শুরু করেছে, যার মধ্যে মেক্সিকো ও মধ্যপ্রাচ্য উল্লেখযোগ্য।




