জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় ‘সবুজ বিপ্লব’ বাস্তবায়নের লক্ষ্যে একটি বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন (বিএসএফআইসি) এবং জিয়া পরিষদ। ‘বৃক্ষ রোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে এ উদ্যোগ নেওয়া হয়। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্বাচনী অঙ্গীকার ও প্রত্যক্ষ নির্দেশনায় আগামী পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানো ও নিবিড় পরিচর্যার মাধ্যমে সবুজ বিপ্লব ঘটানোর মহাপরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এর প্রথম পর্যায়ে ইতিমধ্যে চিনিশিল্পের আওতাধীন উত্তরবঙ্গের ১৬টি জেলায় মাঠপর্যায়ে বৃক্ষরোপণ কার্যক্রম শুরু হয়েছে। বিএসএফআইসির চেয়ারম্যানের নির্দেশনায় এবং জিয়া পরিষদের উদ্যোগে এসব কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
গতকাল রোববার (২ আগস্ট ২০২৬) বিএসএফআইসির সদর দপ্তরের নবম তলার ছাদে আনুষ্ঠানিকভাবে বৃক্ষরোপণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসএফআইসির চেয়ারম্যান মো. শামছুজ্জামান (সুরুজ)। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার পরিচালক (ইক্ষু উন্নয়ন ও গবেষণা) ও যুগ্ম সচিব আবদুল আলীম খান, সংস্থার পরিচালক (উৎপাদন ও প্রকৌশল) ও যুগ্ম সচিব মোহাম্মদ সাঈদ-উর-রহমান, সংস্থার পরিচালক (অর্থ) ও যুগ্ম সচিব তাহমিনা আক্তার, পরিচালক (বাণিজ্যিক) আজহারুল ইসলাম, সংস্থার সচিব মোহাম্মদ মুজিবুর রহমান, সংস্থার সিওপি শাহরীনা তানাজ, জিয়া পরিষদের সভাপতি কৃষিবিদ মো. আবু রায়হান, সহসভাপতি মো. নাজমুল হুদা, সাধারণ সম্পাদক মো. গোলাম রব্বানীসহ বিএসএফআইসির কর্মকর্তা ও কর্মচারীরা।
অনুষ্ঠানে বক্তারা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের গুরুত্ব তুলে ধরেন এবং সবাইকে এই কর্মসূচিতে অংশগ্রহণের আহ্বান জানান। তারা বলেন, পরিবেশ রক্ষায় শুধু গাছ লাগানোই নয়, সেগুলোর যত্ন নেওয়াও সমান জরুরি। এই মহাপরিকল্পনা সফল করতে সকলের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন।




