মঙ্গলবার ভোর থেকে রাজধানী ঢাকায় বৃষ্টি শুরু হয়েছে। সকাল সাড়ে আটটা নাগাদ বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি অব্যাহত ছিল। আকাশ সম্পূর্ণ মেঘলা থাকায় সূর্যের দেখা মেলেনি এখনও। আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দুপুরের আগে বৃষ্টিতে কিছুটা বিরতি আসতে পারে। তবে দুপুরের দিকে আবারও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। বিকেল চারটা থেকে পাঁচটার দিকে বৃষ্টির তীব্রতা কমতে পারে বলে জানানো হয়েছে।
দেশের চারটি বিভাগে আজ অন্যদের তুলনায় বেশি বৃষ্টি হতে পারে। এগুলো হলো রংপুর, ময়মনসিংহ, সিলেট ও বরিশাল। এছাড়া ঢাকা বিভাগের কিছু অঞ্চলেও বৃষ্টি হতে পারে, তবে বাকি অংশে বৃষ্টির পরিমাণ তুলনামূলকভাবে কম থাকতে পারে। আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানান, সকাল আটটার পর থেকেই বৃষ্টি কমে আসতে শুরু করেছে। ফলে বড় ধরনের বৃষ্টির সম্ভাবনা এখন কম। তবে দুপুরে পুনরায় বৃষ্টি শুরু হতে পারে যা বিকেল নাগাদ কমে যাবে।
গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৬টা থেকে মঙ্গলবার সকাল ৬টা পর্যন্ত) ঢাকায় ২৭ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গতকাল দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে কক্সবাজারের কুতুবদিয়ায়, যেখানে ১১৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে। দেশের অন্যান্য অঞ্চলের মধ্যে নোয়াখালীতে ৯০ মিলিমিটার, নওগাঁর বদলগাছী ও নীলফামারীর ডিমলায় ৭৯ মিলিমিটার এবং ফেনীতে ৬৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে। গত মাসে দেশে স্বাভাবিকের চেয়ে ৩৫ মিলিমিটারের বেশি বৃষ্টি হয়েছে। মৌসুমি বায়ুর সক্রিয়তা এবং সাগরে গভীর নিম্নচাপের কারণে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে ব্যাপক বৃষ্টি হয়েছে মাসের শুরুর দিকে। এই ভারী বৃষ্টির ফলে দেশের কমপক্ষে ৯টি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছিল।




