জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম অভিযোগ করেছেন, উত্তরাঞ্চলের উন্নয়ন বাজেট ইচ্ছাকৃতভাবে কমানো হয়েছে। বৃহস্পতিবার বিকেলে কুড়িগ্রাম সদর উপজেলার টগরাইহাট উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত কৃষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। 'দেশ গড়তে জুলাই জাগরণ' কর্মসূচির অংশ হিসেবে এনসিপি এই সমাবেশের আয়োজন করে। সাড়ে পাঁচটার দিকে সেখানে পৌঁছে নাহিদ ইসলাম দাবি করেন, উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন বাজেট হ্রাস করা হয়েছে। কুড়িগ্রাম ও রংপুরে বড় কোনো উন্নয়ন প্রকল্প নেওয়া হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, 'তিস্তা পরিকল্পনা নিয়ে প্রধানমন্ত্রী চীন সফর করলেও কোনো অর্জন নিয়ে ফিরতে পারেননি। উত্তরাঞ্চলের অধিকাংশ এমপি বিরোধী দলের হওয়ায় পরিকল্পিতভাবে এ অঞ্চলের উন্নয়ন বাজেট কমিয়ে দেওয়া হয়েছে। কুড়িগ্রাম ও রংপুরে বড় কোনো উন্নয়ন পরিকল্পনা নেওয়া হয়নি। এভাবে উত্তরাঞ্চলের মানুষকে তাঁদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে।' জুলাই আন্দোলনে উত্তরাঞ্চলের মানুষের ভূমিকা প্রসঙ্গে এনসিপি নেতা বলেন, ওই আন্দোলনে এই অঞ্চলের মানুষ জীবন দিয়েছেন। রংপুরের সন্তান আবু সাঈদ দুই হাত প্রসারিত করে প্রাণ দিয়েছেন। উত্তরাঞ্চলের মানুষ ভোট দিয়ে এগারো দলকে বিজয়ী করেছেন। আমরা এই অঞ্চলের মানুষের ভোটের অধিকার ও অর্থনৈতিক অধিকার রক্ষায় অঙ্গীকারবদ্ধ।

কৃষকদের বিভিন্ন সমস্যা তুলে ধরে নাহিদ ইসলাম উল্লেখ করেন, কুড়িগ্রামের আলুচাষিরা প্রায়ই ন্যায্য দাম পান না। অনেক সময় আলু রাস্তায় ফেলে দিতে হয়। জেলায় পর্যাপ্ত কোল্ড স্টোরেজ না থাকায় কৃষকেরা ক্ষতির মুখে পড়ছেন। আধুনিক কৃষিব্যবস্থার প্রসারের পাশাপাশি সংরক্ষণব্যবস্থা বাড়ানোর ওপর তিনি গুরুত্বারোপ করেন। সরকারি ধান সংগ্রহে অনিয়মের অভিযোগ তুলে নাহিদ ইসলাম বলেন, সরকারি গুদামে ধান দিতে গিয়ে কৃষকেরা সিন্ডিকেটের কারণে বঞ্চিত হচ্ছেন। বর্তমানে সরকারি ক্রয়মূল্যে প্রতি মণ ধানের দাম ১ হাজার ৪৪০ টাকা হলেও সিন্ডিকেটের কারণে কৃষকদের ১ হাজার ১৪০ টাকায় ধান বিক্রি করতে হচ্ছে। প্রতি উপজেলায় এ সিন্ডিকেটের মাধ্যমে প্রায় চার কোটি টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে।

সমাবেশে শেখ হাসিনাকে দেশে এনে ফাঁসি কার্যকরের দাবি জানান নাহিদ ইসলাম। প্রধান বক্তা ছিলেন এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। আরও বক্তব্য দেন কৃষক সমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক সাঈদ উজ্জ্বল, সদস্যসচিব কৃষিবিদ গোলাম মর্তুজা সেলিম, এনসিপির কুড়িগ্রাম জেলা আহ্বায়ক মুকুল মিয়া, জাতীয় স্বেচ্ছাসেবক শক্তির আহ্বায়ক তাজুল ইসলাম, নারী শক্তির আহ্বায়ক নাসিরা খন্দকার, মেরিনা আক্তার এবং কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিকুর রহমান মুজাহিদ। জুলাই আন্দোলনে শহীদ কুড়িগ্রামের রাজীব হাসানের মা জান্নাতুল ফেরদৌসও বক্তব্য দেন। বিকেলে সমাবেশ শুরুর কথা থাকলেও দুপুর থেকেই জেলার বিভিন্ন উপজেলা থেকে এনসিপি, জাতীয় কৃষক শক্তি এবং দলটির বিভিন্ন সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা মিছিল নিয়ে সমাবেশস্থলে জড়ো হন।