যুক্তরাষ্ট্রের ওহাইও অঙ্গরাজ্যে সম্প্রতি এক ব্যক্তি নিজ গৃহের সামনে হঠাৎ অচেতন হয়ে পড়ে গেলে প্রাণে বেঁচে যান অ্যাপল ওয়াচের সহায়তায়। ডিভাইসটির ‘ফল ডিটেকশন’ বৈশিষ্ট্য তাৎক্ষণিকভাবে পরিস্থিতি বুঝতে পেরে স্বয়ংক্রিয় ব্যবস্থা নেয়। ওয়াচটি স্থানীয় জরুরি সেবা কেন্দ্রে কল করে এবং তার অবস্থানের তথ্য জানিয়ে দেয়। এর ফলে দ্রুত উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে অ্যাম্বুলেন্সের মাধ্যমে অসুস্থ ব্যক্তিকে হাসপাতালে স্থানান্তর করতে সক্ষম হয়।

স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউকেআরসি-র এক প্রতিবেদনে বলা হয়েছে, ওহাইওর বাসিন্দা মোহাম্মদ ইসলাম ঘটনার দিন শারীরিক অসুস্থতা বোধ করার কারণে অফিসে যাননি। সারা দিন তিনি শ্বাস নিতে কষ্ট, কানের কাছে ব্যথা ও হাঁটুর অস্বস্তিতে ভুগছিলেন। পরবর্তী সময়ে বাসার বাইরে আবর্জনা ফেলতে গিয়ে হঠাৎই তিনি জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে যান। জ্ঞান ফেরার পর মোহাম্মদ ইসলাম জানিয়েছেন, তাঁর প্রচণ্ড ঘাম হচ্ছিল এবং তিনি দাঁড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এই সংকটজনক মুহূর্তে অ্যাপল ওয়াচের সক্রিয়তা দ্রুত চিকিৎসা নিশ্চিতে গুরুত্বপূর্ণ অবদান রাখে।

চিকিৎসকরা নির্ণয় করেন, মোহাম্মদ ইসলামের ফুসফুসে রক্ত জমাট বেঁধেছিল। যেটি একটি প্রাণঘাতী পরিস্থিতি তৈরি করেছিল। তাৎক্ষণিক চিকিৎসা সেবা না পেলে তাঁর মারা যাওয়ার আশঙ্কা ছিল। মোহাম্মদ ইসলাম পরবর্তী সময়ে মন্তব্য করেন, এখনো তিনি পুরোপুরি বুঝতে পারেননি আসলে কী ঘটেছিল এবং কীভাবে তিনি বেঁচে গেলেন। তিনি তাঁর বেঁচে থাকার নেপথ্যে অ্যাপল ওয়াচের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বিশেষভাবে উল্লেখ করেন।

উল্লেখ্য, অ্যাপল ওয়াচ এসই, সিরিজ-৪ ও তার পরবর্তী মডেল এবং অ্যাপল ওয়াচ আল্ট্রাতে ‘ফল ডিটেকশন’ নামে এই সুবিধা বিদ্যমান। এই প্রযুক্তি সম্বলিত ওয়াচ অ্যাক্সিলারোমিটার ও জাইরোস্কোপ সেন্সরের মাধ্যমে ব্যবহারকারীর নড়াচড়ার ধরণ পর্যবেক্ষণ করে। কোনো ব্যক্তি হঠাৎ পড়ে গেলে ওয়াচটি আশপাশের মানুষকে অ্যালার্ম ও পর্দার বার্তা দ্বারা সতর্ক করে। যদি ৩০ সেকেন্ডের মধ্যে কোনো সাড়া না পাওয়া যায়, তবে সেটি স্বয়ংক্রিয়ভাবে জরুরি সেবায় কল করে এবং জিপিএস প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর অবস্থান সম্পর্কে তথ্য সরবরাহ করে।