বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের প্রথম ভাঁজযোগ্য আইফোন বাজারে আনতে উৎপাদন পরিকল্পনা জোরদার করেছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের খবরে বলা হয়েছে, বহুল আলোচিত ফোল্ডেবল আইফোন আলট্রার উৎপাদন লক্ষ্যমাত্রা আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। বাজারে ফোনটির সম্ভাব্য চাহিদা সম্পর্কে আশাবাদী হওয়ায় প্রতিষ্ঠানটি এই সিদ্ধান্ত নিয়েছে। নিক্কেই এশিয়ার প্রতিবেদন অনুযায়ী, অ্যাপল তাদের সরবরাহকারীদের কাছে প্রায় এক কোটি ইউনিট ফোল্ডেবল আইফোন আলট্রা তৈরির প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে। এর আগে উৎপাদনের সম্ভাব্য লক্ষ্য ছিল ৭০ থেকে ৮০ লাখ ইউনিট।
প্রযুক্তি বিশ্লেষকদের মতে, ফোল্ডেবল আইফোনের দাম অ্যাপলের ইতিহাসে সর্বোচ্চ হতে পারে। আইডিসির তথ্য অনুযায়ী, আইফোন আলট্রার গড় বিক্রয়মূল্য প্রায় ২ হাজার ৫০০ মার্কিন ডলার হবে। আর বেশি স্টোরেজের সংস্করণের দাম তিন হাজার মার্কিন ডলার পর্যন্ত পৌঁছাতে পারে। এই পূর্বাভাস সত্যি হলে এটি বর্তমান প্রো ম্যাক্স মডেলগুলোর মূল্যকেও ছাড়িয়ে যাবে।
শুধু ফোল্ডেবল মডেল নয়, ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে অ্যাপল প্রায় সাত কোটি আইফোন ১৮ প্রো ও আইফোন ১৮ প্রো ম্যাক্স উৎপাদনের পরিকল্পনা করছে। ফলে ওই সময়ে প্রিমিয়াম আইফোনের মোট উৎপাদন প্রায় আট কোটি ইউনিটে দাঁড়াতে পারে। ৯টু৫ম্যাকের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে অ্যাপলের মোট আইফোন উৎপাদনের লক্ষ্যমাত্রা হতে পারে ২২ কোটি ইউনিট। তবে আইডিসির ধারণা, বছরজুড়ে অ্যাপল প্রায় ২৪ কোটি আইফোন বাজারে সরবরাহ করতে পারে।
যন্ত্রাংশের সরবরাহ নিশ্চিত করতে অ্যাপল একটি কৌশলগত সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান আইফোন ১৭ সিরিজে ব্যবহৃত কিছু সাধারণ উপাদান আইফোন ১৮ প্রো সিরিজের জন্য সংরক্ষণ করতে সরবরাহকারীদের নির্দেশ দিয়েছে তারা। কয়েকটি সরবরাহকারী প্রতিষ্ঠান ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সাড়ে আট কোটি নতুন আইফোন উৎপাদনের সম্ভাব্য পূর্বাভাসও পেয়েছে।
প্রযুক্তি বিশ্লেষকদের ধারণা, অ্যাপল তাদের প্রচলিত সেপ্টেম্বরের আয়োজনে আইফোন ১৮ প্রো, আইফোন ১৮ প্রো ম্যাক্স ও ফোল্ডেবল আইফোন আলট্রা উন্মোচন করবে। তবে জটিল উৎপাদন প্রক্রিয়ার কারণে প্রো মডেল দুটি ঘোষণার পরপরই বাজারে এলেও ফোল্ডেবল আইফোনটি কিছুটা পরে বিক্রি শুরু হতে পারে। অন্যদিকে, সাধারণ আইফোন ১৮–এর বাজারে আসা ২০২৭ সালের বসন্ত পর্যন্ত পিছিয়ে যেতে পারে, ফলে বর্তমান আইফোন ১৭ সিরিজের বিক্রির সময় আরও দীর্ঘ হবে। একই সময়ে দ্বিতীয় প্রজন্মের আইফোন এয়ার মডেলও উন্মোচন করতে পারে প্রতিষ্ঠানটি।




