মহাকাশ পর্যবেক্ষকদের জন্য এক অপেক্ষার পালা শেষ হতে চলেছে। আগামী ১২ আগস্ট বাংলাদেশের স্থানীয় সময় সন্ধ্যায় আকাশে দেখা যাবে ২০২৬ সালের প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এই সময়ে চাঁদ সূর্যকে সম্পূর্ণরূপে আড়াল করে ফেলবে, যার ফলে ইউরোপের নির্দিষ্ট কিছু এলাকায় দিনের বেলাতেই অন্ধকার নেমে আসবে কিছুক্ষণের জন্য। ২০২৪ সালের এপ্রিলের পর এটি হবে পৃথিবীতে দৃশ্যমান প্রথম পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। স্পেনের আইবেরীয় উপদ্বীপে এক শতাব্দীরও বেশি সময় পর এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ প্রত্যক্ষ করা যাবে। গ্রহণটি চাঁদের পৃথিবীর সবচেয়ে কাছের অবস্থান বা অনুভূ-তে সংঘটিত হচ্ছে। ফলে চাঁদকে স্বাভাবিকের চেয়ে আকারে কিছুটা বড় মনে হবে এবং পূর্ণগ্রাসের স্থায়িত্বও কিছুটা বেশি হবে। একই রাতে মহাকাশে পারসেইড উল্কাপাত তার চরম পর্যায়ে পৌঁছাবে। এর অর্থ হলো, সন্ধ্যায় সূর্যগ্রহণ উপভোগের পর গভীর রাতে উল্কাবৃষ্টির চমৎকার দৃশ্যও দেখা যাবে। পূর্ণগ্রাসের মূল পথটি আর্কটিক মহাসাগর থেকে শুরু হয়ে পূর্ব গ্রিনল্যান্ড, পশ্চিম আইসল্যান্ড, উত্তর-পূর্ব পর্তুগালের কিছু অংশ এবং পুরো উত্তর স্পেন জুড়ে বিস্তৃত থাকবে। স্পেনের লিওন, বুর্গোস, ভ্যালেন্সিয়া, সারাগোসা ও পালমা শহরের আকাশে পূর্ণগ্রাস প্রত্যক্ষ করা যাবে। স্থানীয় সময় রাত ৮টা ৩২ মিনিট থেকে ৮টা ৩৩ মিনিটের মধ্যে সর্বোচ্চ অবস্থা দেখা যাবে। মাদ্রিদে সূর্যের প্রায় ৯৯ শতাংশ পর্যন্ত ঢাকা পড়বে। আইসল্যান্ডের রেখিয়াভিক ও ইসাফজোরদুরে দিনের শেষভাগে পূর্ণগ্রাস দৃশ্যমান হবে। ইউরোপের বাকি অংশ এবং উত্তর আমেরিকার কিছু এলাকায় আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে। তবে এশিয়ার ভারতীয় উপমহাদেশে ঘটনাটি মধ্যরাতের পর ঘটবে, তাই সেখান থেকে সরাসরি দেখা সম্ভব হবে না। ইউরোপীয় মহাকাশ সংস্থা তাদের ইউটিউব চ্যানেলে এই বিরল দৃশ্য বিনামূল্যে সরাসরি সম্প্রচার করবে। টাইমস অব ইন্ডিয়া সূত্রে এ তথ্য জানা গেছে।