নতুন নাটক ‘প্রতিশোধ’-এর মাধ্যমে পর্দায় ফিরলেন জনপ্রিয় জুটি ফারহান আহমেদ জোভান ও তানজিন তিশা। ‘আই হেট লাভ স্টোরি’, ‘মাতাল হাওয়া’, ‘কি করে বলব তোকে’, ‘কাপল ক্যাম্পাস’-এর মতো একাধিক নাটকে অভিনয় করে দর্শকদের মন জয় করেছিলেন তাঁরা। দীর্ঘ সময় পর একসঙ্গে কাজ করায় ভক্তদের মাঝে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।
দর্শকদের কাছে জোভান ও তিশা ‘তিভান’ নামে পরিচিতি পেয়েছেন। এই নামে ফেসবুকে তাদের অনুরাগীদের গ্রুপও রয়েছে। নাটকটি প্রকাশের পর মন্তব্যের ঘরে ভক্তদের উচ্ছ্বাস লক্ষ্য করা গেছে। রুদ্র নামের এক দর্শক লিখেছেন, বহুদিন ধরে তিভানদের সব নাটক তিনি দেখছেন। পুরোনো জুটির মধ্যে তাঁদের রসায়নই সেরা বলে মনে করেন তিনি। তাঁদের মধ্যে একধরনের মায়া ও আকর্ষণ আছে, যা পর্দায় অসাধারণ হয়ে ওঠে। কেন এই জুটির নিয়মিত কাজ আসে না—এমন প্রশ্নও তুলেছেন তিনি।
তোফাজ্জল হোসেন নামের আরেক দর্শক মন্তব্য করেছেন, অনেক দিন পর জোভান-তিশার নতুন নাটক দেখে তিনি মুগ্ধ। গল্প যাই হোক, দুজনের প্রাকৃতিক অভিনয় এবং বোঝাপড়ার কারণেই তাঁদের অন-স্ক্রিন কেমিস্ট্রি এত ভালো জমে। এ কারণে তাঁদের নাটক মিস করেন বলেও জানান তিনি।
ক্যারিয়ারের শুরুর দিকে একসঙ্গে নিয়মিত কাজ করলেও পরে ইচ্ছাকৃতভাবেই যৌথ অভিনয় থেকে দূরে সরে গিয়েছিলেন তাঁরা। ফারহান আহমেদ জোভান বলেন, অনেক দিন পর তাঁদের নতুন কাজ এটি। ঈদের আগে নাটকটির শুটিং করা হয়েছে।
‘প্রতিশোধ’ নাটকের গল্পে দেখা যাবে, বিদেশে পড়াশোনা শেষ করে এক বছরের চাকরি শেষে দেশে ফেরে এক তরুণ। দেশে এসে একটি প্রতিষ্ঠানে সিইও পদে চাকরির ইন্টারভিউ দিতে গিয়ে ভিন্ন এক অভিজ্ঞতার মুখোমুখি হয় সে। এরপরই শুরু হয় ক্যারিয়ার নিয়ে প্রতিশোধের গল্প। গল্পের মধ্য দিয়ে দর্শকদের সচেতনতার বার্তাও দেওয়া হয়েছে। বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগের আগে যেসব অভিজ্ঞতা চাওয়া হয়, তার কিছু প্রাসঙ্গিক দিক উঠে এসেছে এতে।
নাটকটি পরিচালনা করেছেন মাহমুদ মহিন। যৌথভাবে চিত্রনাট্য লিখেছেন শাহজাহান সৌরভ ও মাহমুদ মহিন। এতে আরও অভিনয় করেছেন আরেফিন জিলানী, মানস বন্দ্যোপাধ্যায় এবং বড়দা মিঠু। নাটকটি ইতিমধ্যে সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।




