বলিউডের পরিচিত মুখ সারা আলী খান। 'স্টার কিড' পরিচয় ছাপিয়ে নিজের প্রতিভায় তিনি আজ প্রতিষ্ঠিত নাম। আজ ১২ আগস্ট তার জন্মদিন, উপলক্ষ্যে তার জীবন ও ক্যারিয়ারের নানা দিক নিয়ে আলোচনা করা হলো।

অভিনয়ে আসার আগে সারার ওজন ছিল প্রায় ৯৬ কেজি। কঠোর পরিশ্রম, নিয়মিত ব্যায়াম ও সচেতন খাদ্যাভ্যাসের মাধ্যমে তিনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন। আজ তিনি বলিউডের অন্যতম ফিট অভিনেত্রী হিসেবে পরিচিত।

সারার সৃজনশীলতার জগৎ সিনেমার বাইরেও বিস্তৃত। অভিনয়ের পাশাপাশি লেখালেখির প্রতি তার গভীর অনুরাগ। নিজের লেখা মজার ছড়া ও শায়েরি তিনি নিয়মিত সামাজিক মাধ্যমে শেয়ার করেন, যা 'সারা কি শায়েরি' নামে পরিচিতি পেয়েছে। এমনকি তিনি একবার বলেছিলেন, অভিনেত্রী না হলে তিনি পূর্ণকালীন শায়ের হতেন।

ভারতের বিভিন্ন রাজ্যে ঘুরে সেখানকার ঐতিহ্যবাহী চুড়ি সংগ্রহ করা তার অন্যতম শখ। দেশীয় পোশাকের সঙ্গে এই সংগ্রহ তার ব্যক্তিগত ভালোবাসা বলে তিনি মনে করেন।

নেইল পলিশের প্রতিও তার বিশেষ আকর্ষণ। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, 'কেদারনাথ' সিনেমার গানের দৃশ্যগুলোতে তিনি আলাদা আলাদা নেইল পলিশ ব্যবহার করেছিলেন, যা তার ভালোবাসারই প্রতিফলন।

রূপচর্চায় তিনি ঘরোয়া উপকরণকেই প্রাধান্য দেন। রান্নাঘরের মধু ও মালাই দিয়ে রূপচর্চা করাই তার পছন্দ। তবে কঠোর ডায়েট মেনে চললেও ভারতীয় মিষ্টির প্রতি তার দুর্বলতা আছে। দুধের বরফি বা বেসনের লাড্ডু দেখলেই তিনি নিজেকে আর সামলে রাখতে পারেন না।

পড়াশোনায়ও তিনি ছিলেন মেধাবী। বলিউডে পা রাখার আগে যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া ইউনিভার্সিটি থেকে ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেছেন। তবে স্কুলজীবনে তিনি ছিলেন ভীষণ দুষ্টু। একবার ক্লাসরুমের সিলিং ফ্যানে ফেভিকল আঠা ছুড়ে মারায় পুরো ক্লাসরুম নোংরা হয়ে যায়, এমনকি তাকে সাময়িক বহিষ্কারেরও মুখে পড়তে হয়েছিল।

তারকা হয়েও সহজ-সরল জীবনযাপন করতে পছন্দ করেন সারা। ২০২৫ সালের জন্মদিন তিনি কাটিয়েছিলেন পাপারাজ্জিদের সঙ্গে। নিজেকে তিনি অনেক নায়িকার চেয়ে ব্যতিক্রমী মনে করেন, কারণ তিনি তেল দেওয়া মাথায় বিমানবন্দরে যেতে পারেন, আবার মেকআপ ছাড়াই ক্যামেরার সামনে আসতে পারেন।

প্রেম নিয়েও কম আলোচনা নেই। একসময় তার ক্রাশ ছিলেন কার্তিক আরিয়ান, যার সঙ্গে 'লাভ আজকাল' সিনেমায় অভিনয় করেছেন। ভারতীয় ক্রিকেটার শুভমান গিলের সঙ্গে তার প্রেমের গুঞ্জন শোনা গেলেও 'কফি উইথ করণ'-এ এসে তিনি তা উড়িয়ে দিয়েছিলেন, বলেছিলেন পুরো দুনিয়া ভুল সারাকে নিয়ে ভাবছে। 'কেদারনাথ' সিনেমার সময় থেকে অর্জুন প্রতাপ বাজওয়ার সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন শুরু হয়, তবে দুজনেই আনুষ্ঠানিকভাবে কিছু নিশ্চিত করেননি।

জীবনসঙ্গী নির্বাচনে তিনি মনে করেন, সুন্দর চেহারার চেয়ে সততা ও রসবোধ বেশি জরুরি।

১৯৯৫ সালের আজকের দিনে সাইফ আলী খান ও অমৃতা সিংয়ের ঘরে জন্মেছিলেন সারা। তার দাদি শর্মিলা ঠাকুর ও দাদা মনসুর আলী খান পতৌদিও ছিলেন বিনোদন ও ক্রীড়াজগতের কিংবদন্তি। ভাই ইব্রাহিম আলী খানও বলিউডে পথচলা শুরু করেছেন।