সিলেট জেলার শীর্ষ প্রশাসনিক পদে নতুন করে একজনকে নিয়োগ দিয়েছে সরকার। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।
এর আগে গত ২৮ জুন কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসানকে সিলেটে বদলি করা হয়েছিল। তবে ওই প্রজ্ঞাপন জারির পর তিনি কুমিল্লার দায়িত্ব ছাড়লেও সিলেটে যোগ দেননি। ২১ জুন সিলেটের তৎকালীন জেলা প্রশাসক সারওয়ার আলমকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব পদে সংযুক্ত করা হয়। এর মাত্র এক সপ্তাহ পরেই মু. রেজা হাসানকে সিলেটের দায়িত্ব দেওয়া হয়েছিল।
সিলেটের স্থানীয় একটি রাজনৈতিক সূত্র জানিয়েছে, নতুন জেলা প্রশাসক হিসেবে মু. রেজা হাসানের নিয়োগ স্থানীয় একজন মন্ত্রীর পছন্দ ছিল না। বিষয়টি তিনি জনপ্রশাসন মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাদের জানিয়েছিলেন। তখন থেকেই সিলেটে পুনরায় জেলা প্রশাসক পরিবর্তনের সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে প্রজ্ঞাপন জারির নয় দিন পরেও যোগ না দেওয়ায় নতুন করে আব্দুল্লাহ আল মামুনকে নিয়োগ দেওয়া হলো।
এদিকে কুমিল্লায়ও নতুন জেলা প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে। তবে কার নামে এই নিয়োগ দেওয়া হয়েছে তাৎক্ষণিকভাবে জানা যায়নি।




