ঢাকা মেট্রোরেলের যাত্রীদের চলাচলে প্রতিবন্ধকতা দূর করতে আজ বৃহস্পতিবার চারটি স্টেশনে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১টা পর্যন্ত ডিএমটিসিএলের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। অভিযানটি উত্তরা উত্তর মেট্রোরেল স্টেশন থেকে পল্লবী মেট্রোরেল স্টেশন পর্যন্ত এলাকায় পরিচালিত হয় এবং এই সময় ২০ থেকে ২৫টি অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
পরে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানায়, উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্ট সবাইকে মৌখিক সতর্কবার্তা দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দা ও দোকানমালিকদের ফুটপাত দখল না করার এবং মেট্রোরেলের যাত্রীদের স্বাচ্ছন্দ্যে চলাচলের জন্য সচেতনতামূলক পরামর্শ দেওয়া হয়।
এমআরটি পুলিশ, তুরাগ থানা পুলিশ ও আনসার সদস্যরা এই অভিযানে সহযোগিতা প্রদান করেন। ডিএমটিসিএল কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের চলাচলের পথ নির্বিঘ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।




