যুক্তরাজ্যের তরুণ প্রজন্মের জন্য নতুন করে বিধিনিষেধ আরোপের ঘোষণা দিয়েছে দেশটির সরকার। গত মঙ্গলবার এক বিবৃতিতে জানানো হয়, ১৬ ও ১৭ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য রাত ১২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ইনস্টাগ্রাম, ফেসবুকের মতো সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে নিষেধাজ্ঞা জারি করা হবে। এর আগে গত মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য স্ন্যাপচ্যাট, টিকটক, ইউটিউব, ইনস্টাগ্রাম ও ফেসবুক ব্যবহারে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছিল, যা ২০২৭ সালের শুরুর দিকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
নতুন পরিকল্পনার আওতায় শুধু রাতের বেলা ব্যবহারে নিষেধাজ্ঞাই নয়, বরং ১৬ ও ১৭ বছর বয়সীদের জন্য ডিফল্ট সেটিং হিসেবে এমন একটি ব্যবস্থা চালু করা হবে, যাতে এক টানা স্ক্রলিংয়ের মতো আসক্তিকর ফিচারগুলো স্বয়ংক্রিয়ভাবে বন্ধ থাকে। তবে ব্যবহারকারীরা চাইলে নিজেদের পছন্দমতো এই সেটিং পরিবর্তন করতে পারবেন। সমালোচকরা অবশ্য বলছেন, এতে করে নিষেধাজ্ঞার কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যায়। কিভাবে এই নিয়মগুলো বাস্তবায়ন করা হবে, সে বিষয়েও এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।
যুক্তরাজ্যের প্রযুক্তিমন্ত্রী লিজ কেন্ডাল বিবৃতিতে জানিয়েছেন, এই উদ্যোগ তরুণদের পর্যাপ্ত ঘুম নিশ্চিত করতে, শিক্ষাপ্রতিষ্ঠানে মনোযোগ ধরে রাখতে এবং পরিবার ও বন্ধুদের সঙ্গে মানসম্মত সময় কাটাতে সহায়তা করবে। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক চ্যাটবট ব্যবহারের ক্ষেত্রেও কিছু নিয়ন্ত্রণ আনা হবে এবং ১৮ বছরের কম বয়সীদের জন্য নির্দিষ্ট বিরতি বাধ্যতামূলক করা হবে।
শিশু অধিকার নিয়ে কাজ করা কয়েকটি সংস্থা এই উদ্যোগকে দীর্ঘদিনের প্রত্যাশিত সুরক্ষামূলক পদক্ষেপ হিসেবে স্বাগত জানিয়েছে। তবে অন্যদিকে কিছু সংস্থা সতর্ক করে বলেছে, এই ধরনের নিষেধাজ্ঞা শিশুদের আরও অনিরাপদ উপায়ে ইন্টারনেট ব্যবহারের দিকে ঠেলে দিতে পারে।


