গত শুক্রবার মুক্তি পাওয়া যশরাজ স্পাই ইউনিভার্সের নতুন সিনেমা ‘আলফা’ দর্শক ও সমালোচকদের কাছ থেকে ব্যাপক নেতিবাচক প্রতিক্রিয়া পেলেও বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছে। প্রথম দুই দিনেই ছবিটি বিশ্বব্যাপী ৪০ কোটি রুপি আয়ের মাইলফলকের খুব কাছাকাছি পৌঁছে গেছে। বক্স অফিস বিশ্লেষক সংস্থা স্যাকনিল্কের তথ্য অনুযায়ী, মুক্তির দ্বিতীয় দিন শনিবার ভারতে ৬ হাজার ৮৮২টি শো থেকে ছবিটি নেট ১১ কোটি ৫০ লাখ রুপি আয় করেছে। প্রথম দিনের তুলনায় এটি কিছুটা উন্নতি, যার ফলে দুই দিনে ভারতের বাজার থেকে ছবিটির মোট নেট আয় দাঁড়িয়েছে ২০ কোটি ৭৫ লাখ রুপি। একই সময়ে ভারতের গ্রস আয় হয়েছে ২৪ কোটি ৯০ লাখ রুপি। আন্তর্জাতিক বাজারেও দ্বিতীয় দিনে স্থিতিশীল ব্যবসা করেছে ‘আলফা’। শনিবার বিদেশের প্রেক্ষাগৃহ থেকে এসেছে ৭ কোটি রুপি, যা যোগ হয়ে দুই দিনে বিদেশের মোট আয় পৌঁছেছে ১৩ কোটি রুপিতে। সব মিলিয়ে ছবিটির বৈশ্বিক গ্রস আয় বর্তমানে ৩৭ কোটি ৯০ লাখ রুপি, যা ৪০ কোটির ঘর ছোঁয়ার পথে।

অর্থাৎ বাণিজ্যিকভাবে সফল হলেও সমালোচকদের কাছে ‘আলফা’ মিশ্র প্রতিক্রিয়াই পেয়েছে। ইন্ডিয়া টুডে ছবিটিকে ৫-এর মধ্যে ২ দশমিক ৫ তারকা দিয়েছে। তাদের মূল্যায়নে আলিয়া ভাটের অভিনয়ের প্রশংসা করা হলেও চিত্রনাট্যের অসামঞ্জস্যতা ও অতিরিক্ত টুইস্ট নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। সমালোচনায় বলা হয়েছে, গল্পে রহস্য তৈরির চেয়ে চমক সৃষ্টির দিকেই বেশি জোর দেওয়া হয়েছে, যা অনেক সময় দর্শককে ক্লান্ত করে। বলিউড হাঙ্গামা সিনেমাটিকে ৫–এ ২ তারকা দিয়েছে। তাদের মতে, চিত্রনাট্যে যুক্ত হওয়া একের পর এক টুইস্টের যৌক্তিক ভিত্তি দুর্বল এবং অনেক ঘটনা এতটাই অবিশ্বাস্য যে দর্শকের মনোযোগ গল্প থেকে সরে যায়। আরও বড় সমস্যা হিসেবে তারা উল্লেখ করেছে যে, ছবির শুরুতেই কেন্দ্রীয় চরিত্র সীতাকে দেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের হত্যা করতে দেখা যায়, ফলে পরে তাকে নায়কোচিত হিসেবে মেনে নেওয়া কঠিন হয়ে পড়ে। দ্বিতীয়ার্ধে নাটকীয়তাই বেশি গুরুত্ব পেয়েছে এবং ফতেহ সিং লাখাওয়াতকে ঘিরে বড় মোচড়টি দর্শকের মধ্যে বিতর্ক তৈরি করতে পারে।

‘আলফা’ পরিচালনা করেছেন শিব রাওয়াইল এবং গল্প লিখেছেন উদয় চোপড়া। যশরাজ স্পাই ইউনিভার্সের সপ্তম কিস্তি এই ছবিতে আলিয়া ভাটের পাশাপাশি অভিনয় করেছেন শর্বরী বাগ, অনিল কাপুর, ববি দেওল ও দিয়া মির্জা। সিনেমার গল্পে ‘আলফা’ নামের একটি গোপন সামরিক সিরাম তৈরি করা হয়, যা মানুষকে অতিমানবীয় শক্তি দিতে পারে। এই সিরামের পরীক্ষামূলক ফল হলেন সীতা (আলিয়া ভাট), যাকে ছোটবেলা থেকে গোপনে প্রশিক্ষণ দিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল ফতেহ সিং লাখাওয়াত (ববি দেওল)। কিন্তু একপর্যায়ে সীতা নিয়ন্ত্রণের বাইরে চলে যান এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রধান বিক্রান্ত কৌলের (অনিল কাপুর) পিছু নেন। স্পেনে বসবাসকারী দুর্গার (শর্বরী বাগ) সঙ্গে বিক্রান্তের সম্পর্ক জানতে পেরে ধীরে ধীরে উন্মোচিত হতে থাকে সীতা, দুর্গা ও বিক্রান্তের অদৃশ্য সম্পর্কের রহস্য।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি নিয়ে ট্রল ও সমালোচনার ঝড় উঠলে এর পাশে দাঁড়িয়েছেন বলিউডের প্রভাবশালী নির্মাতা-প্রযোজক করণ জোহর। তিনি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লেখেন, অনলাইনের নেতিবাচকতা নয়, প্রেক্ষাগৃহে দর্শকের উপস্থিতিই একটি ছবির প্রকৃত মূল্যায়ন। তাঁর মতে, যখন সিনেমা হলে দর্শক টানাই বড় চ্যালেঞ্জ, তখন ‘আলফা’র উদ্বোধনী আয় একটি ‘দৃঢ় সূচনা’। তিনি আলিয়া ভাটের তারকাখ্যাতি ও প্রতিভার প্রশংসা করে বলেন, ‘আলিয়া ভাটের বড় পর্দায় দর্শক টানার ক্ষমতা নিয়ে কোনো বিতর্ক নেই।’ পাশাপাশি করণ সমালোচকদের উদ্দেশে বার্তা দেন, ‘একটু শান্ত হোন এবং উদ্যাপন করুন যে সিনেমা হলগুলো এখনো বেঁচে আছে! “আলফা” দেখতে যান।’ বড় বাজেটের থিয়েটারকেন্দ্রিক সিনেমাগুলোকে উৎসাহ দেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি, কারণ এগুলোই প্রেক্ষাগৃহের ব্যবসাকে সচল রাখে।