বলিউডের জনপ্রিয় অভিনেতা আমির খানের ব্যক্তিগত জীবন নিয়ে জল্পনা ও গুঞ্জনের অবসান ঘটেছে। অবশেষে দীর্ঘদিনের বান্ধবী গৌরী স্প্র্যাটের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তিনি। রোববার (৫ জুলাই) দুপুরে মুম্বাইয়ের বান্দ্রাস্থ আমির খানের বাসভবনে সম্পন্ন হয় এই বিয়ের অনুষ্ঠান। আমির খানের মুখপাত্র বিয়ের খবর নিশ্চিত করেছেন।
অনুষ্ঠানে ছিল না কোনো জাঁকজমক। বরং সম্পূর্ণ ঘরোয়া পরিবেশে দুই পরিবারের ঘনিষ্ঠ সদস্যদের উপস্থিতিতে সম্পন্ন হয় আইনি বিয়ে ও ছোট উদযাপন। উপস্থিত ছিলেন আমিরের সন্তান জুনায়েদ খান, ইরা খান ও ছোট ছেলে আজাদ। এছাড়াও উপস্থিত ছিলেন দীর্ঘদিনের বন্ধু ও ‘লগান’ খ্যাত পরিচালক আশুতোষ গোয়ারিকা এবং অভিনেত্রী এলি আব্রামকেও দেখা যায় এই অনুষ্ঠানে।
আমির আগেই জানিয়েছিলেন, বড় কোনো আয়োজনের বদলে তিনি নিবন্ধিত বিয়ে করবেন এবং শুধু পরিবার ও ঘনিষ্ঠ বন্ধুদের নিয়ে ছোট পরিসরে উদযাপন করবেন। সেই পরিকল্পনাই বাস্তবায়িত হয়েছে।
প্রায় ২৫ বছর আগে আমির ও গৌরীর পরিচয়। তবে তখন সম্পর্ক এগোয়নি। ২০২৪ সালে আমিরের কাজিন নুজহাত খানের মাধ্যমে বেঙ্গালুরুতে আবার যোগাযোগ হয়। সেই পুনর্মিলনই ধীরে ধীরে প্রেমে রূপ নেয়। শুরুতে দীর্ঘ দূরত্বের সম্পর্কে ছিলেন তারা; গৌরী তখন বেঙ্গালুরুতে, আর আমির মুম্বাইয়ে। প্রায় এক বছর পর গৌরী মুম্বাইয়ে চলে আসেন এবং একসঙ্গে বসবাস শুরু করেন।
২০২৫ সালের মার্চে আমিরের ৬০তম জন্মদিন উপলক্ষে সংবাদমাধ্যমের সামনে প্রথমবারের মতো গৌরীকে পরিচয় করিয়ে দেন আমির। তখন তিনি বিয়ের সম্ভাবনা নাকচ করে দিলেও পরে অবস্থান বদলান। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে বিয়ের সিদ্ধান্ত জানান।
গৌরী আগে একটি আন্তর্জাতিক হেয়ারকেয়ার প্রতিষ্ঠানে কাজ করতেন। বর্তমানে তিনি আমির খান প্রোডাকশনসের বিভিন্ন কাজে যুক্ত। সম্প্রতি প্রতিষ্ঠানটির ২৫ বছর পূর্তি উপলক্ষে নানা পরিকল্পনায় তিনি সক্রিয়ভাবে অংশ নিচ্ছেন।
এটি আমির খানের তৃতীয় বিয়ে। প্রথম স্ত্রী ছিলেন রীনা দত্ত। ১৯৮৬ সালে বিয়ে করেন তারা। তাঁদের সংসারে জন্ম নেয় জুনায়েদ খান ও ইরা খান। ২০০২ সালে বিচ্ছেদের পরও সন্তানদের লালন-পালনে একসঙ্গে কাজ করেন তারা। এরপর ২০০৪ সালে কিরণ রাওয়ের সঙ্গে সম্পর্কে জড়ান আমির। ২০০৫ সালে বিয়ে হয় এবং ২০১১ সালে সারোগেসির মাধ্যমে জন্ম নেয় ছেলে আজাদ। ২০২১ সালে তাদের বিচ্ছেদ হলেও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক টিকে আছে। কিরণ রাও এখনো আমির খান প্রোডাকশনসের বোর্ড সদস্য। সম্প্রতি ‘লাপাতা লেডিজ’-এর মতো প্রকল্পে তারা একসঙ্গে কাজ করেছেন।
ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদন অবলম্বনে প্রকাশিত এই খবরে বলা হয়েছে, আনন্দঘন পরিবেশেই সম্পন্ন হয়েছে আমির ও গৌরীর বিয়ের আনুষ্ঠানিকতা।




