গ্রাহকদের নিরাপদ পণ্য সরবরাহ, সঠিক প্যাকেজিং এবং উন্নত সেবা নিশ্চিত করতে বিশেষ উদ্যোগ নিয়েছে অনলাইনভিত্তিক প্রাকৃতিক মাছ বিক্রয়কারী প্রতিষ্ঠান ‘রিভার ফিশ’। সম্প্রতি প্রতিষ্ঠানটির কার্যালয় পরিদর্শন শেষে ‘ক্যাফে কলম্বিয়া’য় এক প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়, যেখানে ভোক্তা-অধিকার সুরক্ষায় সচেতনতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সার্বিক সহযোগিতায় আয়োজিত এ কর্মসূচির শুরুতেই অধিদপ্তরের কর্মকর্তারা ‘রিভার ফিশ’-এর কার্যক্রম সরজমিনে পরিদর্শন করেন। পরে ‘ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯’ নিয়ে বিস্তারিত প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়। সেশনে প্রতিষ্ঠানটির সেলস, মার্কেটিং ও প্যাকেজিং টিমের সদস্যরা আইনের বিভিন্ন ধারা, ভোক্তার অধিকার এবং আইনসম্মত উপায়ে ব্যবসা পরিচালনার নিয়মাবলি সম্পর্কে অবগত হন।
কর্মশালায় উপস্থিত ছিলেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান, প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক জান্নাতুল ফেরদাউস এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নোমান ফারুক।
অনুষ্ঠানে অধ্যাপক নোমান ফারুক বলেন, ব্যবসার স্বার্থেই উদ্যোক্তাদের ভোক্তা-অধিকার আইনবিষয়ক প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন। এতে সেবার মান উন্নত হওয়ার পাশাপাশি গ্রাহকদের মধ্যে প্রতিষ্ঠানের প্রতি আস্থা বহুগুণ বেড়ে যায়।
‘রিভার ফিশ’-এর উদ্যোক্তা ফারজানা আকতার বলেন, প্রতিষ্ঠানটি সব সময় গ্রাহকদের নিরাপদ ও মানসম্মত প্রাকৃতিক মাছ সরবরাহের চেষ্টা করে। তবে শুধু ভালো পণ্য দিলেই হয় না, আইন মেনে ব্যবসায়িক স্বচ্ছতা রক্ষাও সমান গুরুত্বপূর্ণ। তিনি আরও বলেন, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহযোগিতায় আয়োজিত এই কর্মশালা তাদের টিমের সচেতনতা ও দক্ষতা বাড়াতে ভূমিকা রাখবে।
পাঠকেরা নাগরিক সংবাদে জীবনের গল্প, নানা আয়োজনের খবর, ভিডিও, ছবি ও লেখা পাঠাতে পারবেন। ই-মেইল: ns@prothomalo.com




