দেশের উদীয়মান ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের জীবনসংগ্রাম এবং সাফল্যের কাহিনী তুলে ধরতে পডকাস্ট সিরিজ ‘লিগ্যাসি উইথ এমআরএইচ’-এর তৃতীয় সিজন শুরু হতে যাচ্ছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় এই পডকাস্টটি পরিচালিত হবে। এবারের সিজনে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে তরুণ উদ্যোক্তাদের ওপর, যাঁরা বিভিন্ন খাতের ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায় নিজেদের অবস্থান তৈরি করছেন। প্রতিটি পর্বে এসব উদ্যোক্তাদের পথচলার বাধা, ব্যর্থতা থেকে শিক্ষা, নেতৃত্বের অভিজ্ঞতা, গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ এবং ভবিষ্যতের রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে।
সঞ্চালক মোহাম্মদ রিদওয়ানুল হক জানান, যেকোনো বড় প্রতিষ্ঠানের মূলে থাকে একটি ছোট স্বপ্ন। এই সিজনের মূল লক্ষ্য হলো সেই স্বপ্নবাজদের গল্প সবার সামনে আনা, যাঁরা নিজেদের পথ নিজে তৈরি করে অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে উঠছেন। তিনি বিশ্বাস করেন, উদ্যোক্তাদের বাস্তব অভিজ্ঞতা এবং চ্যালেঞ্জ মোকাবিলার গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য দিকনির্দেশনা হিসেবে কাজ করবে। অধ্যাপক হক আরও উল্লেখ করেন যে, বাংলাদেশের ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তারা কেবল মুনাফার জন্য ব্যবসা করছেন না, বরং তাঁরা নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং উদ্ভাবনের মাধ্যমে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। তাঁদের এই যাত্রার কথা আরও বেশি মানুষের কাছে পৌঁছে দেওয়াই এই পডকাস্টের অন্যতম উদ্দেশ্য।
এর আগের দুটি সিজনে দেশের প্রতিষ্ঠিত ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দের মূল্যবোধ, নেতৃত্ব এবং ভবিষ্যৎ ভাবনা নিয়ে আলোচনা করা হয়েছিল, যা দর্শকদের মাঝে বেশ জনপ্রিয়তা পেয়েছিল। সেই ধারাবাহিকতা বজায় রেখেই এবার আগামী দিনের লিগ্যাসি বা উত্তরাধিকার নির্মাণে নিয়োজিত তরুণদের কথা শোনা হবে। তৃতীয় সিজনের প্রথম পর্বে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ‘আরোগ্য’-র সহ-প্রতিষ্ঠাতা ইওয়ার মেহবুব। এছাড়া পরবর্তী বিভিন্ন পর্বে অংশ নেবেন ‘ক্যাফে দোতলা’-র মালিক নাসরিন নওরোজ স্বপ্না, ‘কৃষি স্বপ্ন’-র প্রতিষ্ঠাতা ও সিইও সৈয়দ জুবায়ের হাসান, ‘যারীন’স ক্রিয়েশন’-এর মালিক আফরোজা সুলতানা শিউলি, ‘মনের বন্ধু’-র প্রতিষ্ঠাতা ও সিইও তৌহিদা শিরোপা এবং ‘ইশোর’ প্রতিষ্ঠাতা রায়ানা হোসেনসহ আরও অনেক উদ্যোক্তা।
প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে প্রতি শনিবার রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে ‘লিগ্যাসি উইথ এমআরএইচ: সিজন–৩’।




