সম্প্রতি স্বাস্থ্যসেবার সুযোগ বিস্তৃত করতে লায়ন্স আই ইনস্টিটিউট অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে ট্রান্সকম লিমিটেড। প্রতিষ্ঠানটির নিজস্ব কর্মচারী এবং তাঁদের পরিবারের সদস্যদের স্বাস্থ্যসেবা ও সামগ্রিক কল্যাণ নিশ্চিত করার লক্ষ্যে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে।

এই চুক্তিপত্রে স্বাক্ষর প্রদান করেন ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেড ও বাংলাদেশ ল্যাম্পস পিএলসির হেড অব এইচআর অ্যান্ড অ্যাডমিন মো. মেহেদী হাসান বিন গনি। হাসপাতালের পক্ষ থেকে সেক্রেটারি জেনারেল আলী হায়দার মোহাম্মদ সাজ্জাদ এই স্মারকে সই করেন। একটি আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ লায়ন্স ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম রেজাউল হক, ট্রেজারার আবদুল্লাহ খালিদ এবং বাংলাদেশ ল্যাম্পস পিএলসির ব্যবস্থাপক নাইমা তানজিলা উপস্থিত ছিলেন।

সমঝোতার শর্ত অনুযায়ী, ট্রান্সকমের কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা উক্ত হাসপাতাল থেকে বিভিন্ন চিকিৎসাসেবা, বিশেষ ছাড় এবং স্বাস্থ্যসেবাসংক্রান্ত অন্যান্য সুবিধা গ্রহণের সুযোগ পাবেন। কর্মীদের কল্যাণের প্রতি ট্রান্সকম লিমিটেডের প্রতিশ্রুতিকে আরও শক্তিশালী করার পাশাপাশি এই পদক্ষেপ মানসম্মত স্বাস্থ্যসেবা কর্মী ও তাঁদের পরিবারের জন্য আরও সহজলভ্য করতে ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।