সকালের নাস্তায় পাউরুটি, দুপুরে পাস্তার সঙ্গে বোতলজাত সস, বিকেলে এক প্যাকেট চিপস, আর রাতে ফ্রিজ থেকে বের করা আইসক্রিম—ব্যস্ত জীবনে এসব খাবার যেন নিত্যসঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সময় বাঁচায়, সহজলভ্য এবং সুস্বাদু হলেও এগুলোর আড়ালে লুকিয়ে আছে আল্ট্রা-প্রক্রিয়াজাত খাদ্যের নীরব বিপদ। এসব খাবারে প্রাকৃতিক উপাদানের চেয়ে সংরক্ষণকারী, ঘনকারী উপাদান, কৃত্রিম স্বাদ ও রঙের প্রাধান্য বেশি থাকে। তবে সুস্থ থাকতে সবকিছু একদিনে বদলানো জরুরি নয়। রান্নাঘরে কিছু ছোট পরিবর্তনই ধীরে ধীরে প্রক্রিয়াজাত খাবারের ওপর নির্ভরতা কমাতে সাহায্য করতে পারে।
প্রথমেই আসে আইসক্রিমের কথা। গরমে দোকানের আইসক্রিমে থাকে নানা ধরনের ইমালসিফায়ার, স্ট্যাবিলাইজার ও সংরক্ষণকারী। এর পরিবর্তে বাড়িতে কলা ও কোকো পাউডার ব্লেন্ড করে তৈরি করা যায় মোলায়েম চকলেট আইসক্রিম। এতে প্রাকৃতিক মিষ্টি পাওয়া যায় এবং খাবারের অপচয়ও কমে। চাইলে চিনাবাদামের মাখন বা দই যোগ করা যায়।
দ্বিতীয়ত, সকালের নাস্তায় দোকানের ব্যাগেল বা বিস্কুটের বদলে বাড়িতেই তৈরি করুন। মাত্র দুটি উপকরণ—সেলফ-রেইজিং ময়দা ও দই—দিয়েই নরম ব্যাগেল বা বিস্কুট তৈরি সম্ভব। এয়ার ফ্রায়ার বা ওভেনে বিশ মিনিট বেক করলেই প্রস্তুত। দইয়ের কারণে এতে ক্যালসিয়াম ও প্রোটিন যোগ হয়, যা হাড় ও পেশির জন্য উপকারী।
তৃতীয়ত, বোতলজাত টমেটো সসের বদলে ঘরোয়া সস তৈরি করুন। অনেক তৈরি সসে বাড়তি চিনি, ঘনকারী উপাদান ও সংরক্ষণকারী থাকে। অলিভ অয়েলে পেঁয়াজ ও রসুন ভেজে তাতে টমেটো পিউরি বা কুচানো টমেটো দিয়ে কয়েক মিনিট রান্না করলেই তৈরি টাটকা সস। শুকনো বা তাজা হার্বস যোগ করলে স্বাদ বাড়ে। পাস্তা, পিজা, স্যান্ডউইচ—সবেতেই ব্যবহার করা যায় এটি।
চতুর্থত, প্যাকেটজাত স্টির-ফ্রাই সসের বদলে নিজেই বানান। তাজা সবজি ও মুরগি বা টোফু দিয়ে রান্না করলেও শেষে প্যাকেটজাত সস দিয়ে দিলে অতিরিক্ত লবণ, চিনি ও সংযোজক উপাদান যুক্ত হয়। এর বদলে সয়া সস, সামান্য মধু, তিলের তেল ও কুচানো রসুন মিশিয়ে নিজের সস তৈরি করুন।
পঞ্চমত, বিকেলের নাস্তায় চিপসের বদলে ঘরোয়া পপকর্ন বানান। সামান্য তেল বা মাখন দিয়ে ভুট্টার দানা ফাটালেই তৈরি। পপকর্নে আঁশ ও পলিফেনল থাকে, যা হজম ও হৃদস্বাস্থ্যের জন্য উপকারী। তবে পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য এটি এড়িয়ে চলা ভালো, কারণ শ্বাসরোধের ঝুঁকি থাকে।
ষষ্ঠত, বাজারের প্রোটিন বা গ্র্যানোলা বারের বদলে বাড়িতে ওটস বার তৈরি করুন। ওটসের সঙ্গে কুচানো বাদাম, শুকনো ফল, চিনাবাদামের মাখন, মধু বা চটকানো কলা মিশিয়ে ওভেনে বেক করলেই তৈরি। এটি সকালের নাস্তা, অফিসের টিফিন বা ভ্রমণের সঙ্গী হিসেবে দারুণ।
পুষ্টিবিদদের মতে, সব আল্ট্রা-প্রসেসড খাবার সম্পূর্ণ বাদ দেওয়া সম্ভব নয়। বরং লক্ষ্য হওয়া উচিত ধীরে ধীরে ভালো খাবারের পরিমাণ বাড়ানো। যেমন—একদিন আইসক্রিমের বদলে ফল দিয়ে তৈরি ফ্রোজেন ডেজার্ট, একদিন প্যাকেট সসের বদলে ঘরে তৈরি সস, একদিন চিপসের বদলে পপকর্ন। এই ছোট ছোট পরিবর্তনই দীর্ঘমেয়াদে বড় পার্থক্য তৈরি করে। স্বাস্থ্যকর খাবার মানেই জটিল নয়; রান্নাঘরে থাকা সাধারণ উপকরণ দিয়েই সহজে তৈরি করা যায় সুস্বাদু ও কম প্রক্রিয়াজাত খাবার। শেষ পর্যন্ত সুস্থ জীবন মানে সব প্রিয় খাবারকে বিদায় জানানো নয়, বরং এমন কিছু ছোট সিদ্ধান্ত নেওয়া, যা প্রতিদিনের খাবারকে আরও প্রাকৃতিক ও পুষ্টিকর করে তোলে।




