মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল পরিবহন নিরাপত্তা কর্তৃপক্ষ (এনএইচটিএসএ) সম্পূর্ণ স্বয়ংক্রিয় যানবাহনের জন্য এক যুগান্তকারী সিদ্ধান্তে স্টিয়ারিং হুইল বা ব্রেক প্যাডেলের মতো ম্যানুয়াল নিয়ন্ত্রণব্যবস্থাহীন রোবোট্যাক্সি বাণিজ্যিকভাবে চালানোর পথ পরিষ্কার করল। বৃহস্পতিবার অ্যামাজনের সহযোগী প্রতিষ্ঠান জুক্স তাদের বিশেষভাবে নকশা করা, ভেতরের দিকে মুখ করা চারটি আসনবিশিষ্ট গাড়ির মাধ্যমে ভ্রমণকারীদের কাছ থেকে ভাড়া আদায়ের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে। তবে এই সেবা শুরু করতে রাজ্য ও স্থানীয় প্রশাসনের পৃথক অনুমোদনের প্রয়োজন হবে।

জুক্স ইতিমধ্যেই গত বছর থেকে লাস ভেগাস ও সান ফ্রান্সিসকোয় বিনামূল্যে রাইড পরিষেবা দিয়ে আসছিল। বৃহস্পতিবার লাস ভেগাস স্ট্রিপে এই অদ্ভুত বাক্সসদৃশ গাড়িগুলোর একটি সেবা নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে মিশিগানের অ্যান আর্বরের বাসিন্দা ক্লো হু বলেন, “প্রথম দিকে এটি বেশ ভীতিকর লাগলেও অভ্যস্থ হয়ে ওঠার পর এটি সত্যিই দারুণ ও আরামদায়ক। গাড়ির গান এবং তাপমাত্রা নিজের মতো করে নিয়ন্ত্রণ করার ব্যবস্থাটি আমি খুব পছন্দ করেছি।” তবে তিনি আরও উল্লেখ করেন যে, রাইডের অপেক্ষা করার সময়টি বারবার পরিবর্তিত হচ্ছিল, যা পরিকল্পনায় বিঘ্ন ঘটিয়েছিল।

এনএইচটিএসএর প্রধান প্রশাসক জোনাথন মরিসন জানান, গত মাসে তার সংস্থা রোবোট্যাক্সিকে ব্রেক প্যানেল বিহীন অবস্থায় চলাচলের অনুমতি দেওয়ার জন্য একটি প্রস্তাবও উত্থাপন করেছিল, যা এখনও অনুমোদনের অপেক্ষায় রয়েছে। তিনি বলেন, 'এই প্রযুক্তিটি কখনও মদ খেয়ে বা বিভ্রান্ত হয়ে গাড়ি না চালানোর প্রতিশ্রুতি দেয়, যা মানুষ চালকেরা কখনই দিতে পারে না।' তবে এসব যানের কিছু সমস্যাও চিহ্নিত হয়েছে, যেমন রাস্তার মাঝখানে থেমে যাওয়া বা পার্কিং লট থেকে বের হতে হিমসিম খাওয়া। এমনকি, স্বয়ংক্রিয় গাড়ি স্কুল বাস পার হয়ে যাওয়া বা জরুরি কর্মীদের কাজে বাধা দেওয়ার ঘটনাও ঘটেছে। 'মাঝে মধ্যে কিছু অনিরাপদ আচরণ আমরা দেখতে পাই, এবং আমরা সেইসব বিষয়ে দ্রুতগতিতে হস্তক্ষেপ করি। এটাই এনএইচটিএসএর কাজ,' মরিসন মন্তব্য করে যোগ করেন যে, সর্বোপরি এই প্রযুক্তির সম্ভাবনায় তারা অত্যন্ত উৎসাহিত এবং আমেরিকানদের এর নিরাপত্তা নিয়ে অতিরিক্ত উদ্বিগ্না হওয়ার কোনো কারণ নেই।

তবে হাইওয়ে ও অটো সেফটি গ্রুপ অ্যাডভোকেট্স জুক্সের এই পরিকল্পনার নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। সংগঠনের জেনারেল কাউন্সিলর পিটার কার্ডক বলেন, 'অনেক প্রতিশ্রুতি, অনেক চকচকে ভাষা, অনেক কিছু আমরা বিশ্বাস করি, আমরা এটি করব, এরকম কথা থাকলেও প্রতিশ্রুতিগুলোর পেছনে কোনো তথ্যপ্রমাণ নেই, আর এটি আমাদের জন্য চিন্তার বিষয়।'

হাইওয়ে সেফটির জন্য ইন্সিওরেন্স ইন্সটিটিউট (আইআইএইচএস) সম্প্রতি জানিয়েছে, যে সীমিত ক্র্যাশ ডেটা সরকারি নিয়মে জমা দেওয়া বাধ্যতামূলক, তার উপর ভিত্তি করে এই রোবোট্যাক্সিগুলোর নিরাপত্তার রেকর্ড নির্ধারণ করা কঠিন। বেশিরভাগ প্রতিষ্ঠান তাদের স্বয়ংক্রিয় গাড়ি কত মাইল পথ চালিয়েছে তা জানায় না, ফলে ক্র্যাশ রেট বের করা অসম্ভব। তাছাড়া, কোন ধরণের ঘটনা রিপোর্ট করতে হবে তারও স্পষ্ট কোনো মানদণ্ড নেই।

এদিকে, ওয়ে অনামক প্রতিষ্ঠান বর্তমানে একাধিক শহরে পরিষেবা দিচ্ছে, যাদের সাথে প্রতিযোগিতায় মেতে উঠছে জুক্স ও টেসলা। জুক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা আইচা ইভান্স এই অনুমোদনকে স্বয়ংক্রিয় যানবাহনের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করতে গিয়ে বলেছেন, 'নিরাপত্তার সর্বোচ্চ মান বজায় রেখে উদ্ভাবনী সুযোগ তৈরি করার প্রতি এটি এক ধরনের সমন্বিত প্রতিশ্রুতির প্রতিফলন।'

অ্যামাজন প্রায় ১.২ বিলিয়ন ডলার খরচ করে স্ব-চালিত স্টার্টআপ জুক্সকে কিনে নেয়। তারা সিলিকন ভ্যালির একটি কারখানায় বছরে ১০,০০০ রোবোট্যাক্সি নির্মাণের পরিকল্পনা করছে। আপাতত প্রথম দুই বছরে প্রযুক্তিটির নিরাপত্তা প্রমাণের জন্য সর্বোচ্চ ২,৫০০ স্টিয়ারিংহীন গাড়ি মোতায়েনের অনুমতি দেওয়া হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, এখন পর্যন্ত পাঁচ লাখেরও বেশি মানুষ তাদের গাড়িতে যাত্রা করেছে।