রাঙামাটি জেলা প্রশাসন সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্রে পর্যটক ও জনসাধারণের যাতায়াত সম্পূর্ণ নিষিদ্ধ করেছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে সাতটায় জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে পাঠানো এক জরুরি গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। জেলা প্রশাসক নাজমা আশরাফী স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, আবহাওয়া অফিসের পূর্বাভাস এবং জেলায় অব্যাহত ভারী বর্ষণের ফলে বিভিন্ন স্থানে ভূমিধস ও পাহাড়ধসের ঘটনা ঘটায় যোগাযোগব্যবস্থা বিঘ্নিত হচ্ছে। এই অবস্থায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটনকেন্দ্র সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিষেধাজ্ঞা বলবৎ থাকাকালীন সাজেক ভ্যালির সব পর্যটনকেন্দ্র, ঝরনা, পাহাড়ি ট্রেইল ও দুর্গম এলাকায় পর্যটক, ট্যুর অপারেটর এবং সর্বসাধারণের প্রবেশ পুরোপুরি নিষিদ্ধ থাকবে। পাশাপাশি পাহাড়ধসের ঝুঁকির কারণে জেলায় চলাচলের সময় সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে এবং প্রশাসনের নির্দেশনা মানার অনুরোধ জানানো হয়েছে। এই নিষেধাজ্ঞা মঙ্গলবার সন্ধ্যা থেকে কার্যকর হচ্ছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বলবৎ থাকবে।

এর আগে বান্দরবান জেলা প্রশাসনও ভারী বৃষ্টির কারণে জেলার সব পর্যটনকেন্দ্র শুক্রবার পর্যন্ত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।