নির্মাণ শিল্পে প্রযুক্তিগত বিপ্লব ঘটাতে বড় অঙ্কের অর্থ বিনিয়োগ করল জাপানি প্রযুক্তি বিনিয়োগকারী প্রতিষ্ঠান সফটব্যাংক। সুইজারল্যান্ডের গ্রাভিস রোবোটিক্সে ২০০ মিলিয়ন ডলারের সিরিজ এ বিনিয়োগ করেছে তারা, যা নির্মাণ রোবোটিক্সের ইতিহাসে সর্ববৃহৎ। এই বিনিয়োগের ফলে গ্রাভিসের মূল্যায়ন দাঁড়িয়েছে ১ বিলিয়ন ডলারে।
প্রতিষ্ঠানটি নিজে কোনো এক্সকাভেটর, ব্যাকহো, বুলডোজার বা ক্রেন তৈরি করে না। তবে তাদের লক্ষ্য হলো ভারী নির্মাণ যন্ত্রপাতিতে অত্যন্ত বুদ্ধিমান কৃত্রিম বুদ্ধিমত্তা সংযোজন করা। গ্রাভিসের ওয়েবসাইটে বলা হয়েছে, 'আঙুল ছুঁইয়ে পাহাড় সরান।' তাদের উৎপাদিত 'গ্রাভিস র্যাঙ্ক' নামক নিয়ন্ত্রণ কিটটি নির্মাণস্থলে থাকা যন্ত্রপাতিতে বসানো যায়। কোম্পানির দাবি, ক্যাটারপিলার, জন ডিয়ার, ভলভো, জেসিবি, হিটাচি, কেস, ডেভেলন, সুমিতোমো ও ইয়ানমারের যন্ত্রপাতিতে এই কিট স্থাপন করা হয়েছে।
কিটটি ইনস্টল করার পর অপারেটররা এআই সহায়তায় যন্ত্র চালাতে পারেন। এআই তাদের জানিয়ে দেবে তারা সঠিক অবস্থানে আছে কি না এবং সঠিক কাজ করছে কি না। পাশাপাশি একটি যন্ত্রের জন্য নির্দিষ্ট কাজ নির্ধারণ করে স্টার্ট বাটনে চাপ দিলেই কাজ শুরু হয়ে যাবে। রিমোট মোডেও যন্ত্র চালানোর সুবিধা রয়েছে, যেখানে অপারেটররা ভিডিও স্ট্রিমের মাধ্যমে এক বা একাধিক যন্ত্র তদারকি করতে পারবেন। প্রয়োজন হলে ট্যাবলেটে জয়স্টিক ও প্যাডেল যুক্ত করে ম্যানুয়াল নিয়ন্ত্রণও নেওয়া যাবে।
গ্রাভিসের দাবি, তাদের প্রযুক্তিতে ম্যানুয়াল অপারেশনের সর্বোচ্চ স্তরের তুলনায় ৩০ শতাংশ পর্যন্ত উৎপাদনশীলতা বাড়ানো সম্ভব। প্রতিষ্ঠানের প্রধান প্রযুক্তি কর্মকর্তা ডমিনিক জুড বলেছেন, দক্ষ অপারেটররা সূক্ষ্ম শারীরিক সংকেতের মাধ্যমে মাটি পড়তে পারেন — ইঞ্জিনের চাপ শুনে, যন্ত্রের কম্পন অনুভব করে এবং হাইড্রোলিক প্রতিরোধে সাড়া দিয়ে। তাদের এআই সেই একই শারীরিক ইনপুট গ্রহণ করে মেশিন টেলিমেট্রির মাধ্যমে তা কাজে লাগায়।
গত নভেম্বরে আইকিউ ক্যাপিটাল ও জাকুয়া ভেঞ্চার্সের নেতৃত্বে ২৩ মিলিয়ন ডলার সংগ্রহ করেছিল গ্রাভিস। জুলাইয়ের শেষে ব্লুমবার্গ জানায়, সফটব্যাংক ৫০০ মিলিয়ন ডলারের বেশি মূল্যে গ্রাভিসকে কিনে নেওয়ার কথা ভাবছে। তিন সপ্তাহ পর তারা দ্বিগুণ দামে সংখ্যালঘু অংশীদারিত্ব নিয়ে নিল, ফলে প্রতিষ্ঠানটির মূল্যায়ন ১ বিলিয়ন ডলারে পৌঁছায়।
সফটব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক দাই সাকাতা বলেছেন, এআইয়ের পরবর্তী ধাপে 'ফিজিক্যাল এআই' তাদের দৃষ্টিভঙ্গির কেন্দ্রবিন্দু। গত অক্টোবরে সফটব্যাংক এবি’র রোবোটিক্স বিভাগ ৫.৩৭৫ বিলিয়ন ডলারে কিনে নেয় এবং এই গ্রীষ্মে বোস্টন ডায়নামিক্সের শেয়ার বিক্রি সম্পন্ন করে। ফলে প্রদর্শনীমূলক কোম্পানির বদলে তারা এখন শিল্প খাতে বিদ্যমান প্রতিষ্ঠানগুলোর দিকে ঝুঁকছে।
প্রতিযোগিতার দিক থেকে গ্রাভিসকে এখনও প্রমাণ করতে হবে যে তাদের রেট্রোফিট অটোনমি বিদ্যমান পাইলট প্রকল্পের বাইরে বড় পরিসরে কাজ করতে সক্ষম এবং যন্ত্রপাতি নির্মাতাদের নিজস্ব প্রযুক্তির চেয়ে ভালো। খনিতে বেশি মনোযোগী সেফএআই এবং ব্র্যান্ড-নিরপেক্ষ সুপারভাইজড অটোনমি রেট্রোফিট কিট সরবরাহকারী টেলিওর মতো প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তাদের কঠিন প্রতিযোগিতা রয়েছে। তবে স্টার্টআপ প্রতিযোগীদের তুলনায় এখন তাদের হাতে অনেক বেশি অর্থ।
সিইও জনস বলেছেন, ভবিষ্যৎ গড়তে হলে আক্ষরিক অর্থেই বিশ্বকে বদলাতে হবে। প্রতিটি প্রকল্পের সূচনা হয় মাটি সরানোর মাধ্যমে।




