কর্মজীবনের ব্যস্ততার মাঝে কর্মীদের জন্য কিছুটা বিনোদনের ব্যবস্থা করতে প্রথম আলো নিয়মিত ‘মিউজিক@ডেস্ক’ অনুষ্ঠানের আয়োজন করে থাকে। সেই ধারাবাহিকতায় গত ৯ জুলাই প্রথম আলোর কার্যালয়ে উপস্থিত হয়েছিলেন রবীন্দ্রসংগীতশিল্পী লাইসা আহমদ লিসা। আষাঢ়ের বিকেলটাকে তিনি করে তুলেছিলেন সুরময়। আজ রাত আটটায় প্রথম আলোর অফিশিয়াল ফেসবুক পেজ এবং প্রথম আলোর এন্টারটেইনমেন্ট ইউটিউব চ্যানেলে এই পর্বটি প্রকাশিত হবে।

সেদিন মোট সাতটি গান পরিবেশন করেন লিসা। এর মধ্যে পাঁচটি ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের এবং বাকি দুটি অতুলপ্রসাদ সেনের। রবীন্দ্রসংগীতের তালিকায় ছিল ‘বাদল–দিনের প্রথম কদম’, ‘মন মোর মেঘের সঙ্গী’, ‘আজি ঝড়ের রাতে তোমার অভিসার’, ‘চিনিলে না আমারে’ এবং ‘ধায় যেন মোর সকল ভালোবাসা’। অতুলপ্রসাদ সেনের রচনা থেকে তিনি ‘কে গো গাহিলে পথে’ ও ‘জল বলে চল’ গান দুটি পরিবেশন করেন। তাঁর গানের সঙ্গে সেতারে সংগত করেন ফিরোজ খান, তবলায় ছিলেন পল্লব সান্যাল এবং এসরাজে আশিকুল ইসলাম।