ভারতীয় শিক্ষাব্যবস্থার সংস্কার ও ছাত্রছাত্রীদের প্রতি অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ে নামা সোনম ওয়াংচুকের শারীরিক অবস্থা দিন দিন উদ্বেগজনক হয়ে উঠছে। লাদাখের এই প্রকৌশলী, উদ্ভাবক ও শিক্ষাসংস্কারক গত ২৮ জুন থেকে দিল্লির যন্তর-মন্তরে অনির্দিষ্টকালের অনশনে বসেছেন। ১৯ দিনের মাথায় তাঁর ওজন সাড়ে আট কেজি কমে গেছে এবং রক্তচাপ ও সুগার লেভেলও নিম্নমুখী। তিনি র্যামন ম্যাগসাইসাই পুরস্কারে ভূষিত এবং 'আইস স্তূপ' প্রকল্পের জন্য বিশ্বব্যাপী পরিচিত। ওয়াংচুক স্পষ্ট করে বলেছেন, শিক্ষাব্যবস্থায় জবাবদিহি নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি অনশন চালিয়ে যাবেন।
বলিউডের একাধিক তারকা এই আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন। গায়ক ও সুরকার বিশাল দাদলানি একটি ভিডিও শেয়ার করে লেখেন, ‘জেগে ওঠো ভারত। সোনম ওয়াংচুক আমাদের সবার জন্য এবং আমাদের ভবিষ্যতের জন্য অনশন করছেন।’ অন্যদিকে অভিনেতা অতুল কুলকার্নি ঘোষণা দিয়েছেন যে তিনি ১৬ জুলাই নিজ বাড়িতে এক দিনের প্রতীকী অনশন করবেন। এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘সোনম ওয়াংচুকের সঙ্গে যা ঘটছে, তা আমাকে গভীরভাবে নাড়া দিয়েছে। তাঁর কষ্টের সঙ্গে আমাদেরও সম্পর্ক থাকা জরুরি। আমি সরকারের কাছে অনুরোধ করছি, তারা যেন সোনম ওয়াংচুকের সঙ্গে আলোচনায় বসে। আপনাদের কাছেও আবেদন, আপনারাও যে যেখানেই থাকুন, এক দিনের প্রতীকী অনশনের মাধ্যমে তাঁর প্রতি সংহতি প্রকাশ করুন।’
চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কশ্যপ একটি ছবি শেয়ার করে তাঁর অসন্তোষ প্রকাশ করে লেখেন, ‘এবার সীমা ছাড়িয়ে যাচ্ছে।’ অভিনেত্রী ফাতিমা সানা শেখ অনশনের ১৯তম দিনে যন্তর-মন্তর থেকে তোলা ওয়াংচুকের কয়েকটি ছবি শেয়ার করে লেখেন, ‘আজ ১৯ দিন হয়ে গেল। অনেক দেরি হয়ে যাওয়ার পর তাঁর কথা শোনার অপেক্ষায় আমরা থাকতে পারি না। সোনম ওয়াংচুকের মতো একজন মানুষ, যিনি এই দেশের জন্য এত কিছু করেছেন, তাঁকে শুধু নিজের কথা শোনানোর জন্য নিজের স্বাস্থ্যের ঝুঁকি নিতে হওয়া উচিত নয়। রাজনৈতিক মতাদর্শ যা–ই হোক না কেন, একজন শিক্ষার্থীর ভবিষ্যৎ রক্ষা করা জরুরি।’ সায়াজি শিন্ডে এক ভিডিও বার্তায় বলেন, ‘বিপ্লব শুধু সহিংসতার মাধ্যমে আসে না, শান্তির পথেও আসতে পারে। উপবাস দুর্বলতার লক্ষণ নয়, বরং নিজের বিশ্বাসের সবচেয়ে শক্তিশালী কণ্ঠস্বর।’ একাধিক ওয়েব সিরিজে অভিনয় করা শিবাঙ্কিত পরিহারও ইনস্টাগ্রামে একটি পোস্ট শেয়ার করে সমর্থন জানিয়েছেন।
এর আগেও জিনাত আমান, রুবিনা দিলাইক, ওমি বৈদ্য, অভয় দেওল, চিন্ময়ী শ্রীপদা, শাবানা আজমি, ভুবন বাম, আশিস চঞ্চলানি, মুনাওয়ার ফারুকি, সোনি রাজদান, নাসিরুদ্দিন শাহ, রত্না পাঠক, অরুন্ধতী রায় ও জয়তী ঘোষসহ বহু তারকা ওয়াংচুকের সমর্থনে এগিয়ে এসেছিলেন। অভিনেতা প্রকাশ রাজ ও স্বরা ভাস্কর সরাসরি যন্তর-মন্তরে পৌঁছে ‘ককরোচ জনতা পার্টি’র (সিজেপি) আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন। সিজেপির প্রধান দাবি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ। সম্প্রতি নিট, সিবিএসই, কুয়েট ও এসএসসি পরীক্ষাকে ঘিরে বিতর্ক ও প্রশ্নপত্র ফাঁসের অভিযোগের জেরেই এই দাবি উঠেছে। প্রশ্নপত্র ফাঁসের কারণে লাখ লাখ শিক্ষার্থী সমস্যার মুখে পড়েছেন এবং প্রবল মানসিক চাপে কয়েকজন শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনাও ঘটেছে।
উল্লেখ্য, আমির খান অভিনীত ‘থ্রি ইডিয়টস’ ছবির ফুংসুখ ওয়াংডু (র্যাঞ্ছো) চরিত্রটি সোনম ওয়াংচুকের জীবন দ্বারা অনুপ্রাণিত। সেই চরিত্রটি ছিল একজন উদ্ভাবনী তরুণ প্রকৌশলী, যে সমাজকে নতুন কিছু দিতে চাইত। বর্তমানে বাস্তবের সেই ওয়াংচুক শিক্ষার্থীদের ভবিষ্যৎ রক্ষায় নিজের জীবন বাজি রেখে লড়াই চালিয়ে যাচ্ছেন।


