রাজধানীর সূত্রাপুরের সদরঘাট এলাকার বেঙ্গল ইস্ট মার্কেটে ছুরিকাঘাতে মিঠুন সরদার (১৯) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ১০ জনকে আটক করেছে।
নিহতের চাচাতো ভাই সোহাগ সরদার জানান, মিঠুন ওই মার্কেটে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন এবং সেখানেই থাকতেন। রাতে মার্কেটের আরেক শ্রমিকের সঙ্গে কোনো বিষয় নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মিঠুনের বুকে ছুরিকাঘাত করা হয়। রাত ১০টার দিকে তাকে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে (মিটফোর্ড) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিঠুন ঝালকাঠি সদর উপজেলার রাসেল সরদারের ছেলে বলে জানিয়েছেন সোহাগ।
সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি মামলা রুজু হয়েছে। পুলিশ ১০ জনকে গ্রেপ্তার করেছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার কারণে এ ঘটনা ঘটেছে। গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে ভিন্ন ভিন্ন তথ্য দিচ্ছেন; বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে জানান ওসি।




