মেহেরপুর জেলার গাংনী উপজেলায় এক নারী ইউপি সদস্যের বাড়ির সামনে সন্দেহজনক বিস্ফোরকদ্রব্য দেখে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। রোববার সকালে ষোলটাকা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আফরোজা খাতুনের আমতৈল গ্রামের বাড়ির গেটের কাছে লাল টেপে মোড়ানো অবস্থায় দুটি ককটেলসদৃশ বস্তু দেখতে পান পথচারীরা।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দাদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আফরোজা খাতুনের পরিবারের সদস্যরাও ভীতসন্ত্রস্ত হয়ে পড়েন। খবর পেয়ে হেমায়েতপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বস্তু দুটি উদ্ধার করে নিজেদের হেফাজতে নেন।

জানা গেছে, আফরোজা খাতুন ষোলটাকা ইউপির সংরক্ষিত ওয়ার্ডের সদস্য এবং তাঁর স্বামী আবুল হোসেন ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি। স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি ষোলটাকা ইউনিয়নে চাল বিতরণকে কেন্দ্র করে ইউপি সদস্যদের মধ্যে বিরোধ চলছে। ধারণা করা হচ্ছে, ইউনিয়ন পরিষদকেন্দ্রিক রাজনৈতিক প্রভাব বিস্তার ও ওই পরিবারকে আতঙ্কে রাখতেই কোনো চক্র এই ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহাদ্দিস মোর্শেদ চৌধুরী জানিয়েছেন, উদ্ধার করা বস্তু দুটি আসলে কী, তা পরীক্ষা করে দেখা হচ্ছে। একইসাথে এই ঘটনার পেছনে কারা জড়িত, তা চিহ্নিত করতে তদন্ত শুরু করা হয়েছে বলেও জানান তিনি।