সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয় লক্ষ্য করে ককটেল নিক্ষেপের ঘটনা ঘটেছে। শনিবার দিবাগত রাত পৌনে একটার দিকে এ হামলার ঘটনা ঘটে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, মোটরসাইকেলযোগে এসে পরপর কয়েকটি ককটেল ছোড়ে দুর্বৃত্তরা। বিকট শব্দে এলাকাবাসী বেরিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর ভাড়াশিমলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক সোহেল রানা জানান, রাত ১১টার দিকে তিনি সভাপতি ও অন্যান্য নেতাকর্মীদের সঙ্গে কার্যালয় তালাবদ্ধ করে বের হন। বাড়িতে খাওয়াদাওয়া শেষে ঘুমানোর পর হঠাৎ বিকট শব্দ শুনতে পান তিনি। পাঁচ মিনিটের মধ্যে এক কর্মী ফোন করে কার্যালয়ে যেতে বলেন। সেখানে গিয়ে তিনি দেখতে পান কার্যালয়ের সামনে দুটি ককটেল পড়ে আছে এবং আশপাশে বিস্ফোরণের আলামত ছড়িয়ে রয়েছে।

পরে পুলিশকে খবর দিলে ভোর চারটার দিকে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে দুটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ককটেলগুলোর একটি আংশিক খোলা অবস্থায় ছিল। কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে একটি ককটেল বিস্ফোরিত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বিএনপি কার্যালয়ের শাটার বন্ধ এবং সামনের অংশে আগুনে পোড়া প্লাস্টিকের মতো বস্তু ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। লাল টেপে মোড়ানো দুটি ককটেল কার্যালয়ের সামনে পড়ে থাকতে দেখা যায়। ঘটনাস্থলে পুলিশ ও বিএনপির নেতা-কর্মীদের উপস্থিতিও চোখে পড়ে।

ভিডিওতে স্থানীয় এক বাসিন্দাকে বলতে শোনা যায়, তিনি পাশের বাজারের চায়ের দোকান বন্ধ করছিলেন। তখন হঠাৎ বিকট শব্দ পান। তাঁর মুঠোফোনে সময় রাত ১২টা ৫৬ মিনিট দেখাচ্ছিল। এরপর তিনি মোটরসাইকেলে করে দুজনকে দ্রুত সেখান থেকে চলে যেতে দেখেন।

কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক শেখ এবাদুল ইসলাম বলেন, রাজনৈতিক কার্যালয়ে এ ধরনের হামলা কোনোভাবেই কাম্য নয়। তিনি ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে দোষীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।