রাজনৈতিক মামলায় আটক নিষিদ্ধ ছাত্রলীগের নাটোর জেলা শাখার সাবেক সভাপতি রাকিবুল ইসলামকে দুই ঘণ্টার জন্য প্যারোলে মুক্তি দিয়ে বাবার জানাজায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। শনিবার রাতে নাটোর শহরের বড়গাছা এলাকায় বুড়া দরগা মসজিদ মাঠে অনুষ্ঠিত জানাজায় তিনি উপস্থিত ছিলেন এবং পরে স্থানীয় কবরস্থানে বাবার দাফনকাজ সম্পন্ন করেন।

জানা গেছে, গত ২২ জুন একটি রাজনৈতিক মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে যান রাকিবুল। শনিবার দুপুরে তার বাবা আবুল কালাম আজাদ শহরের হাজীপাড়া মহল্লার নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। বাবার জানাজা ও দাফনে অংশগ্রহণের জন্য পরিবারের পক্ষ থেকে জেলা ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা হলে তা মঞ্জুর হয়। এরপর পুলিশি পাহারায় রাত আটটার দিকে তাকে জানাজাস্থলে আনা হয়।

জানাজায় এসে বাবার মরদেহ স্পর্শ করে কান্নায় ভেঙে পড়েন রাকিবুল। জানাজা শেষে দাফন সম্পন্নের পর রাত ১০টার দিকে পুলিশি পাহারায় তাকে নাটোর কারাগারে ফেরত পাঠানো হয়। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, দাফনের কাজ শেষ হলে তাকে কারাগারে ফেরত নেওয়া হয়েছে।