কিশোরগঞ্জ জেলার পাকুন্দিয়া উপজেলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মির্জাপুর চেয়ারম্যানবাড়িঘাট এলাকায় অবতরণের পর থেকেই তাঁকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়। এ সময় বিএনপির স্থানীয় নেতাকর্মী ও সাধারণ মানুষ বিভিন্ন স্লোগান দিয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। সফর নির্বিঘ্ন করতে সকাল থেকেই জেলার বিভিন্ন স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

পাকুন্দিয়ায় প্রধানমন্ত্রী জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে পুরাতন ব্রহ্মপুত্র নদে মাছের পোনা অবমুক্ত করবেন এবং স্থানীয় জেলেদের মধ্যে পোনা বিতরণ করবেন। স্থানীয় জনগণের সঙ্গে শুভেচ্ছা বিনিময়েরও সময় রাখা হয়েছে তাঁর। দুপুর সাড়ে ১২টার দিকে কটিয়াদীর আচমিতা এলাকায় কার্প হ্যাচারি কমপ্লেক্স পরিদর্শন করবেন তিনি। এরপর দুপুর ১টায় আচমিতা জর্জ ইন্সটিটিউশন মাঠে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেবেন।

ঢাকার বাইরে এবারই প্রথম জাতীয় পর্যায়ের মৎস্য পক্ষের উদ্বোধন হচ্ছে কিশোরগঞ্জে। সংশ্লিষ্টদের মতে, হাওর-নদী-বিল ও মিঠাপানির মাছের সমৃদ্ধ ভাণ্ডার হিসেবে পরিচিত বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের মৎস্য খাতের সম্ভাবনা ও সাফল্য জাতীয় পর্যায়ে তুলে ধরতেই এই জেলাকে বেছে নেওয়া হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে মৎস্য খাতে বিশেষ অবদান রাখা উদ্যোক্তাদের পুরস্কৃত করার কথাও রয়েছে। এ আয়োজনকে ঘিরে মৎস্যচাষী, জেলে ও উদ্যোক্তাদের মধ্যে তৈরি হয়েছে ব্যাপক উৎসাহ।

মৎস্য পক্ষের উদ্বোধন শেষে দুপুর আড়াইটার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার ঐতিহাসিক শোলাকিয়া ঈদগাহ ময়দানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে মাঠের উন্নয়ন প্রকল্প উদ্বোধনের পাশাপাশি ছাত্রদলের নেতাকর্মীদের নিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। সার্কিট হাউসে মধ্যাহ্নভোজ ও কিছুক্ষণ বিশ্রামের পর বিকেল ৪টায় জেলা শহরের পুরোনো স্টেডিয়ামে যাবেন তিনি। সেখানে ফ্যামিলি কার্ড বিতরণ, বিভিন্ন অনুদান এবং মসজিদের ইমাম-মুয়াজ্জিন-খাদেমসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ে কর্মরত ব্যক্তিদের সম্মানী প্রদান অনুষ্ঠানে যোগ দেবেন। একই সঙ্গে সারাদেশের শিক্ষার্থীদের স্কুল ড্রেস ও ব্যাগ দেওয়ার পাইলট কার্যক্রমও এ সফরের মাধ্যমে উদ্বোধন হবে।

প্রধানমন্ত্রীর এই সফরকে ঘিরে কিশোরগঞ্জবাসীর প্রত্যাশা অনেক। যোগাযোগব্যবস্থার উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, কিশোরগঞ্জ ইপিজেড বাস্তবায়ন, হাওরের মাছ সংরক্ষণে আধুনিক হিমাগার স্থাপন ও পর্যটন অবকাঠামো উন্নয়নসহ দীর্ঘদিনের বিভিন্ন দাবি নতুন করে আলোচনায় এসেছে। স্থানীয়রা আশা করছেন, মৎস্য ও কৃষির সম্ভাবনাকে কাজে লাগানোর পাশাপাশি যোগাযোগ, শিল্পায়ন ও কর্মসংস্থানে এই সফর নতুন উদ্যোগের বার্তা নিয়ে আসবে।

সফরসূচি অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে কিশোরগঞ্জ থেকে ঢাকার উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী। এ সফরে তাঁর সঙ্গে রয়েছেন কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ, মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও কিশোরগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মো. মাজহারুল ইসলাম, কিশোরগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মো. জালাল উদ্দিনসহ স্থানীয় প্রশাসন ও দলের নেতারা।