প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল তাদের মোবাইল অপারেটিং সিস্টেমের পরবর্তী সংস্করণ আইওএস ২৭-এ মেইল অ্যাপে বড় ধরনের পরিবর্তন আনতে যাচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা নির্ভর বিভিন্ন নতুন সুবিধা সংযোজন করা হবে, যা ই-মেইল ব্যবহারের অভিজ্ঞতাকে আরও উন্নত করবে। সবচেয়ে আকর্ষণীয় সংযোজন হতে পারে ‘রাইট উইথ সিরি’ নামের একটি লেখা সহায়ক। কি-বোর্ডের ওপরে অবস্থিত এই টুলটি ব্যবহারকারীদের সম্পূর্ণ ই-মেইল লিখতে, বিদ্যমান লেখা পুনরায় সাজাতে এবং ভিন্ন ভাষাশৈলীতে উপস্থাপন করতে সাহায্য করবে। অ্যাপলের দাবি, এই সহায়ক ব্যবহারকারীদের লেখার ধরন ও অভ্যাস চিহ্নিত করে তাদের অনুরূপ বার্তা তৈরি করে দেবে। পাশাপাশি বানান ও ব্যাকরণগত ভুলও শনাক্ত করা সম্ভব হবে।
‘আস্ক সিরি’ সুবিধাও মেইল অ্যাপে যুক্ত হচ্ছে। নির্দিষ্ট ই-মেইল নির্বাচন করে সিরিকে নির্দেশ দিলে তাৎক্ষণিকভাবে ই-মেইলের সারাংশ তৈরি করে দেবে সিরি। পার্সেলের অবস্থান ট্র্যাকিং এবং বিমান ভ্রমণসংক্রান্ত তথ্যও জানা যাবে। ‘কল কনটেক্সট’ নামের আরেকটি বিশেষ সুবিধা মেইল ও ফোন অ্যাপের মধ্যে সমন্বয় তৈরি করবে। কোনো প্রতিষ্ঠানে ফোন করার সময় সংশ্লিষ্ট ই-মেইল থেকে প্রয়োজনীয় তথ্য দেখা যাবে। ই-মেইল অনুসন্ধান প্রক্রিয়ায় এসেছে সবচেয়ে বড় পরিবর্তন। পূর্বে শুধু বিষয় ও সময়ের ভিত্তিতে ফলাফল দেখানো হলেও নতুন সংস্করণে ব্যবহারকারীদের উদ্দেশ্য ও প্রেক্ষাপট বিশ্লেষণ করে প্রাসঙ্গিক ফলাফল উপস্থাপন করবে মেইল অ্যাপ। ‘কনটেক্সচুয়াল সাজেশনস’ সুবিধাটিও উন্নত করা হয়েছে, যা ই-মেইলের বিষয়বস্তু পড়ে প্রয়োজনীয় কাজের পরামর্শ দেবে। ‘স্মার্ট রিপ্লাই’ ফিচারটি ব্যবহারকারীদের লেখার ধরন অনুসারে এক ট্যাপেই সম্ভাব্য উত্তর তৈরি করে দেবে, যা দ্রুত জবাব দিতে সহায়তা করবে। অ্যাপল জানিয়েছে, নতুন এই ফিচারগুলো আইফোন ও আইপ্যাড উভয়ের জন্যই কার্যকর হবে। সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস।


