ফেনীতে রেল দুর্ঘটনায় এক যুবকের প্রাণহানির ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার দিকে ঢাকা-চট্টগ্রাম রেলপথের ফেনী সদর উপজেলার ধর্মপুর ইউনিয়নের দেয়ানগঞ্জ সংলগ্ন মঠবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মোহাম্মদ হোসেন (৩২) পরশুরাম উপজেলার চিথলিয়া ইউনিয়নের দক্ষিণ চন্দনা গ্রামের মো. ইসহাকের ছেলে। তিনি ফেনী শহরের সালাউদ্দিন মোড় এলাকায় মেসার্স ফিরোজ অটোপার্টস নামের একটি প্রতিষ্ঠানের মালিক ছিলেন।

রেলওয়ে পুলিশ জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মহানগর গোধূলি ট্রেনটি ফেনী স্টেশন অতিক্রম করে ঢাকার দিকে যাচ্ছিল। মঠবাড়িয়া এলাকায় পৌঁছালে মোহাম্মদ হোসেন ট্রেনের নিচে পড়ে যান। এতে তাঁর দেহের বিভিন্ন অংশ প্রায় এক কিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দাদের মাধ্যমে খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। পরে তা ময়নাতদন্তের জন্য ফেনীর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ফেনী শহর ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মতিউর রহমান জানান, নিহত ব্যবসায়ী তাদের সংগঠনের সদস্য ছিলেন। সমিতির পরিচয়পত্র দেখে তাঁর লাশ শনাক্ত করা হয়। তার কথায়, ব্যবসায়ীর কিছু দেনা-পাওনা ছিল। ব্যবসাপ্রতিষ্ঠান ছেড়ে কেন তিনি রেলপথের ওই অংশে গিয়েছিলেন, তা এখনও জানা যায়নি। ফেনী স্টেশনে নিয়োজিত রেলওয়ে পুলিশের উপপরিদর্শক মো. মাসুদুর রহমান জানান, লাকসাম জিআরপি থানায় এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।