এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ–৫ অর্জনকারী শিক্ষার্থীদের জন্য ‘স্বপ্ন দেখো জীবন গড়ো’ প্রতিপাদ্যে এবারও কৃতী সংবর্ধনার আয়োজন করছে প্রথম আলো। শিক্ষার ডিজিটাল প্ল্যাটফর্ম ‘শিখো’-র সহযোগিতায় ‘শিখো-প্রথম আলো জিপিএ-৫ প্রাপ্ত কৃতী সংবর্ধনা ২০২৬’ অনুষ্ঠিত হবে। দেশের ৬৪ জেলার ভেন্যুগুলোতে উপস্থিত শিক্ষার্থীরা অনুষ্ঠান চলাকালে কোনো খরচ ছাড়াই ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাবেন। এই উদ্যোগের অংশ হিসেবে ভেন্যুগুলোকে ওয়াই-ফাই জোনে রূপ দেওয়ার কাজে প্রযুক্তিগত সহায়তা দেবে আম্বার আইটি লিমিটেড।

রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে রোববার বিকেলে এ সংক্রান্ত একটি সমঝোতা স্মারকে স্বাক্ষর হয়েছে। প্রতিষ্ঠান দুটির পক্ষে চুক্তিতে সই করেন আম্বার আইটির উপমহাব্যবস্থাপক মৃণাল কান্তি মণ্ডল এবং প্রথম আলোর মহাব্যবস্থাপক ও হেড অব মার্কেটিং মো. আজওয়াজ খান। অনুষ্ঠানে আম্বার আইটির সহকারী মহাব্যবস্থাপক মহসিন আলম, হেড অব মিডিয়া অ্যান্ড কমিউনিকেশনস হিটলার এ হালিম এবং প্রথম আলোর ইভেন্ট বিভাগের সহকারী ব্যবস্থাপক আল মামুনও উপস্থিত ছিলেন।

চুক্তির আওতায় দেশের প্রতিটি জেলার সংবর্ধনা স্থানে শিক্ষার্থীদের অনলাইন কার্যক্রমে অংশ নেওয়ার সুবিধার্থে ওয়াই-ফাই সংযোগ দেওয়া হবে। বিশেষ করে অনলাইন কুইজে অংশগ্রহণকে সহজ করতে এই ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় জিপিএ–৫ পাওয়া শিক্ষার্থীদের জন্য ৬৪ জেলায় সংবর্ধনার আয়োজন শিগগিরই শুরু হবে। পাশাপাশি সফল শিক্ষার্থীরা নিবন্ধন করলে সবার জন্য থাকছে উপহার। নিবন্ধনের জন্য নির্ধারিত ওয়েবসাইট www.gpa5reception.com ভিজিট করার অনুরোধ জানানো হয়েছে।